
শেষ আপডেট: 21 September 2023 10:29
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: র্যাগিং রোগের কবলে এবার রাজ্যের আরও এক স্কুল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকে রাজ্যের একাধিক কলেজ তো বটেই, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এবং নবোদয় বিদ্যালয়ের মতো নামজাদা স্কুলেও উঁচু ক্লাসের পড়ুয়াদের হাতে ছোটদের র্যাগিংয়ের শিকার হওয়ার ঘটনা উঠে এসেছে। এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি স্কুলে (East Midnapore) একাদশ শ্রেণির ছাত্রদের বিরুদ্ধে ক্লাসের মধ্যেই পঞ্চম শ্রেণির কয়েকজন পড়ুয়াকে নগ্ন করে নির্যাতন করে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে (Bhagabanpur school ragginng)।
ভগবানপুরের কলাবেড়িয়া পিকে হাইস্কুল (kalaberia P K High School) সম্পর্কে এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। জানা গেছে, একাদশ শ্রেণির তিন ছাত্র ক্লাসের মধ্যেই নীচু ক্লাসের ছাত্রদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত। পঞ্চম শ্রেণির কয়েকজন পড়ুয়াকে ক্লাসের মধ্যেই নগ্ন করে মারধর করা হত। অন্য ছাত্রদের দিয়ে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হত। শুধু তাই নয়, প্রতিবাদ করলে মুখের ভিতরে জোর করে পাঠ্যবই গুঁজে দিয়ে মারধর চালানো হত।
যদিও এই অভিযোগের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। একাদশ শ্রেণির ওই ৩ পড়ুয়াকে ঘটনার পর শিক্ষকদের ঘরে তলব করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের দাবি, তারা এমন কিছুই করেনি (ragging in WB school)।
উল্লেখ্য, ঠিক ১ দিন আগেই উত্তর ২৪ পরগনার একটি স্কুলে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। মঙ্গলবার দুপুরে দেগঙ্গা থানায এলাকায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ৩ জন পড়ুয়াকে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। তাতেই জানা যায়, তারা মাটিয়া থানা এলাকার দিলে ধান্যকুড়িয়া হাই স্কুলের পড়ুয়া। তাদের মধ্যে দুজনের বাড়ি যথাক্রমে নদিয়ার কল্যাণী এবং শান্তিপুরে। তৃতীয়জনের বাড়ি হাবড়ায়। হস্টেলে থেকে ধান্যকুড়িয়া হাইস্কুলে পড়াশোনা করছিল তারা। কিন্তু সেখানেই সিনিয়র দাদাদের নিয়মিত মারধর এবং র্যাগিংয়ের শিকার হতে হচ্ছিল তাদের। তাই সবার চোখ এড়িয়ে হস্টেল থেকে পালিয়েছিল ওই তিন ছাত্র।
দেগঙ্গা থানার খবর দেওয়া হলে পুলিশ এসে তিন পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে যায়। তাদের বাড়িতে খবর দেওয়া হয়। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয় তাদের।
এবার বসিরহাটের স্কুলে র্যাগিংয়ের অভিযোগ! সিনিয়রদের ‘দাদাগিরি’ থেকে বাঁচতে ‘পলাতক’ ছোটরা