
শেষ আপডেট: 1 April 2022 06:21
দ্য ওয়াল ব্যুরো: দিনমজুর থেকে রাতারাতি তৃণমূলের দাপুটে নেতা হয়ে উঠেছিলেন বীরভূমের ভাদু শেখ (Bhadu Sheikh)। গত ২১ মার্চ গ্রামেই খুন হতে হয়েছে তাঁকে। তারপর বগটুইজুড়ে চলেছে নৃশংস হত্যালীলা। বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের রামপুরহাট ১ নং ব্লক কমিটির নেতা ভাদু শেখের সম্পত্তির হিসেব করতে বসেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: নলহাটি থেকে উদ্ধার ভাদুর খুনের আগ্নেয়াস্ত্র! জেরার মুখে গোপন তথ্য ফাঁস করল সেরা শেখ
কত কোটি টাকার মালিক ছিলেন ভাদু শেখ? নগদ কত টাকা ছিল তার কাছে? সবটাই হিসেব করে দেখা হচ্ছে। প্রথমে কুঁড়েঘরে বাস করতেন দিনমজুর ভাদু ও তার পরিবারের সকলে। তারপর গত কয়েক বছরে রাতারাতি তিনতলা বাড়ি তুলেছিলেন গ্রামেই। গ্রামজুড়ে তাঁর দাপটে সকলে কাঁপত, তেমনটা শোনা গেছে স্থানীয়দের মুখে।
এত বড় সম্পত্তির উৎস কী খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বগটুই গ্রামে ভাদু শেখের তিনতলা বাতানুকুল বাড়ি দেখে সকলেরই চোখ প্রায় কপালে উঠেছিল। তাঁর এত সম্পত্তি নিয়ে কথা হচ্ছিল আগে থেকেই। তদন্তকারীরা জানতে পেরেছেন, বড়শাল পঞ্চায়েতের নিখরচার শৌচাগার ভাদুকেই দিয়ে দেওয়া হয়েছিল। তাঁর কাছে যে অতিথিরা আসতেন তাঁরা ওই শৌচাগার ব্যবহার করতেন।
ভাদুর এই বিপুল সম্পত্তি নিয়ে প্রথম থেকেই বিরোধীরা সরব। তাঁরা বলছেন, সরকারের যে সমস্ত প্রকল্প পাওয়ার কথা দুস্থদের তার সুবিধাও নিতেন ভাদু শেখ। গরীবদের শৌচাগার তাঁর নামে ছিল। গরীবের প্রাপ্যটুকু এভাবেই তিনি কেড়ে নিয়েছিলেন বলে অভিযোগ বিরোধীদের। এখন দেখার ভাদুর খুনের তদন্ত কোন পথে এগোয়।