
শেষ আপডেট: 2 January 2023 07:18
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে এসেছিল তাঁরই করা এক মামলার ভিত্তিতে। এমনকী কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি পেয়েছিলেন ববিতা সরকার (Babita Sarkar)। কিন্তু দিন দু'য়েক আগে তাঁর চাকরির 'বৈধতা' নিয়ে প্রশ্ন ওঠায় আদালতে গেলেন ববিতা।
ববিতার নিয়োগ নিয়ে কী অভিযোগ উঠেছিল?
অভিযোগ, এসএসসি অ্যাকাডেমিক স্কোরে ববিতাকে ২ নম্বর বেশি দিয়েছে। তাই বেশ কয়েকজন যোগ্য চাকরিপ্রার্থীকে টপকে তিনি নিয়োগপত্র পেয়েছেন। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন প্যানেলে নাম থাকা চাকরিপ্রার্থীদের নম্বরের ব্রেক আপ প্রকাশ করেছে। তাতেই দেখা গিয়েছিল ববিতা সরকার অ্যাকাডেমিক স্কোরে ৩৩ পেয়েছেন। যদিও ববিতার ৩১ পাওয়ার কথা। কারণ, স্নাতক স্তরে তিনি ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, এই ভিত্তিতে প্রাপ্ত নম্বর বসিয়েছে এসএসসি।
যদিও, ববিতা সরকারের জমা দেওয়া মার্কশিট অনুযায়ী স্নাতকস্তরে তিনি ৮০০ এর মধ্যে ৪৪০ নম্বর, মানে ৫৫ শতাংশ নম্বর পেয়েছেন। সেই হিসেবে অ্যাকাডেমিক স্কোরে তাঁর ২ নম্বর কমে যাওয়ার কথা। এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে।
এই নিয়ে হইচই পড়তেই ববিতা জানান, 'ঘটনাটা নজরে আসতেই আমার আইনজীবীকে জানিয়েছি বিষয়টি বিচারপতির নজরে আনার জন্য।' সেই মতো সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন ববিতা সরকার। সেই মামলা গৃহীত হয়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে।