
শেষ আপডেট: 16 November 2022 07:10
দ্য ওয়াল ব্যুরো: গত দু'দিন ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি শান্তিকুঞ্জের সামনে ভিড় করছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। হাতে লাল গোলাপ ও গ্রিটিংস কার্ড নিয়ে ধর্নায় বসেছেন অনেকে। তাতে লেখা 'গেট ওয়েল সুন…'! তবে শুভেন্দুর বাড়ির সামনে আর ধর্নায় বসা যাবে না, এটা অবৈধ এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
শান্তিকুঞ্জের সামনে তৃণমূলের জমায়েতের বিরোধিতা করে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বুধবার বিচারপতি রাজশেখর মান্থারের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলার। সেই শুনানিতে এদিন বিচারপতি বলেন, "বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত অবৈধ।" এই জমায়েত যাতে না হয় তা নিশ্চিত করতে হবে এসপি ও কাঁথি থানার ওসিকে।
এদিন শুনানিতে শুভেন্দুর আইনজীবী অভিযোগ করেন, কিছু লোক ভালবাসার নাম করে ফুল নিয়ে গিয়ে তাঁর মক্কেলের বাড়ির সামনে ধর্না দেওয়া হচ্ছে। যা শুনে বিচারপতি মান্থা বলেন, 'শুভেন্দু অধিকারী হয়তো ভালবাসেন তাঁরা।' এরপরই শুভেন্দুর আইনজীবী পাল্টা জানান, "কিন্তু এক্ষেত্রে অশ্লীন শব্দ ব্যবহার করা হচ্ছে। এটা কি ভালবাসা?" এরপরই রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, "তা হলে বেশি ভালবাসবেন না। মধুমেহ হতে পারে।"
শুভেন্দুর বাড়ির সামনে জমায়েত না করার নির্দেশের পাশাপাশি রাজ্যের কাছে এই ঘটনা সম্পর্কে রিপোর্টও তলব করা হয়। বিচারপতি জানান, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে ঠিক কী ঘটনা ঘটেছিল তার রিপোর্ট আদালতের কাছে পেশ করতে হবে।
সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে হবে কলকাতা পুলিশকে, নির্দেশ হাইকোর্টের