মামলা কলকাতা থেকে সরছে দিল্লিতে, ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাপন বন্দ্যোপাধ্যায়
দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের (ক্যাট) প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন
শেষ আপডেট: 26 October 2021 12:36
দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের (ক্যাট) প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। গত ২৮ মে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে উপস্থিত না থাকার কারণে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়। প্রাক্তন মুখ্যসচিবের আচরণবিধি নিয়ে অনুসন্ধান কমিটি তৈরি করে কেন্দ্র। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলাই কলকাতা থেকে দিল্লিতে সরানোর আবেদন করেছে কর্মীবর্গ দফতর।
আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলা গত ২২ অক্টোবর ক্যাটের কলকাতা বেঞ্চ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রিন্সিপাল বেঞ্চ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আলাপনবাবু।
চলতি বছর ২৮ মে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতির পর্যালোচনা করার জন্য বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে রাজ্যের ক্ষয়ক্ষতির খতিয়ান প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে তৎকালীন মুখ্যসচিব আলাপনবাবুকে সঙ্গে নিয়ে দিঘার প্রশাসনিক বৈঠকে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বছরের ২৮ মে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতির পর্যালোচনার জন্য বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে দিয়ে এবং তাঁর অনুমতি নিয়ে তৎকালীন মুখ্যসচিব আলাপনবাবুকে সঙ্গে নিয়ে দিঘার প্রশাসনিক বৈঠকে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বৈঠকে সশরীরে হাজির না থাকার জন্য বিপর্যয় ব্যবস্থাপনা আইনে কেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না-লিখিত ভাবে আলাপনবাবুর কাছে জবাব চায় কেন্দ্র। কেন্দ্রের চিঠির উত্তর দিলেও গত জুন মাসে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক চিঠি পাঠিয়ে জানায়, অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজিরা অথবা লিখিত ভাবে নিজের বক্তব্য জানাতে হবে আলাপনবাবুকে। তার অন্যথায় অনুসন্ধান কমিটি তাঁর বিরুদ্ধে একতরফা পদক্ষেপ করতে পারে।
১৮ অক্টোবর প্রাথমিক পর্যায়ের শুনানির জন্য তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। যদিও এই শুনানির দিন পিছিয়ে ২ নভেম্বর করা হয়েছে। এই অনুসন্ধান প্রক্রিয়া খারিজ করার জন্য ক্যাটের কলকাতা বেঞ্চে মামলা করেন আলাপনবাবু। যার শুনানি ছিল ২২ অক্টোবর বেলা ৩টে নাগাদ। এই মামলাই কলকাতা থেকে দিল্লিতে সরানোর আবেদন করেছিল কর্মীবর্গ দফতর। সেই আবেদনে সাড়া দিয়ে মামলা দিল্লিতে স্থানান্তরের নির্দেশ দেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দিল্লি বেঞ্চ। এই নির্দেশের বিরুদ্ধেই হাইকোর্টে গেলেন তিনি। আগামীকাল এই মামলার শুনানি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'