দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ ৬মাস পর আবার নতুন করে শুরু হলো ডায়মন্ড হারবার –কুকড়াহাটি ফেরি সার্ভিস। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করেছিলেন আগেই। ঘোষণা অনুসারে এই প্রথম ভেসেল পরিষেবা চালু হলো ডায়মন্ড হারবারে। এদিন ফিতে কেটে ফেরি পরিষেবার উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহা।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু জানান, ডায়মন্ড হারবার পুরসভার ফেরি সার্ভিসের জেটি ও পল্টনটি খারাপ হয়ে যাওয়ায় সেটি মেরামতের জন্য গত ১২ই মার্চ থেকে ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপরই করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে শুরু হয় লকডাউন।
লকডাউন চলাকালীন ২০ মে আমফান ঝড়ের তাণ্ডবে কুকড়াহাটি জেটিটি ভয়ানক রকম ক্ষতিগ্রস্থ হয়। সবমিলিয়ে দীর্ঘ ৫ মাস ২৬ দিন বন্ধ ছিল ফেরি সার্ভিস। প্রশাসনিক তৎপরতায় কিছুদিন আগেই কুকড়াহাটি জেটির মেরামতির কাজ সম্পন্ন হয়েছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণের তরফে ডায়মন্ড হারবার পুরসভা অঞ্চলে ফেরি সার্ভিসের জন্য এম.ভি কপালকুন্ডলা, এম.ভি ঐক্যশ্রী ও এম.ভি মা ভগবতি নামের ৩ টি ফেরি বরাদ্দ করা হয়। এই ফেরিগুলির প্রতিটিই কমবেশি ২০০ জন যাত্রী বহন করতে পারবে।অবশ্য বর্তমানে করোনা আবহের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দুই তৃতীয়াংশ যাত্রী নিয়ে প্রতিটি ফেরি সকাল ৭ টা থেকে ১ ঘন্টার ব্যবধানে চালানোর সিদ্ধান্ত হয়। ওই ফেরি পথে বর্তমানে ২টি ভেসেল ও ২টি লঞ্চ চালু থাকবে। যাত্রীভাড়া আপাতত অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছেন মহকুমা-শাসক।
ডায়মন্ড হারবার- কুকড়াহাটি ফেরি সার্ভিসে ভেসেল পরিষেবা শুরু হওয়ায় মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আর সুদৃঢ় হবে বলে মনে করছেন সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট প্রশাসন। লঞ্চের তুলনায় ভেসেল পরিষেবায় যাত্রীদের যাতায়াতের সময়ও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ ছমাস পর নতুন করে ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি পরিষেবা চালু হওয়ায় দৃশ্যতই খুশি দুই জেলার বাসিন্দারা।