
শেষ আপডেট: 23 February 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পুলিশের হেফাজত থেকে ৭৫ গ্রাম ব্রাউন সুগার ও ২০ বোতল কোডেন মিক্সচার কোথায় গেল, তা নিয়ে তদন্ত করতে এডিজি উত্তরবঙ্গকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের হরিশ ট্যান্ডন ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
২০২১ সালে শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ২২ বোতল কোডেন কাফ সিরাপ ও ২৬৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। পরবর্তীতে মামলা কোর্টে গেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাস্ট কোর্ট শিলিগুড়ির কাছে ১৯০ গ্রাম ব্রাউন সুগার ও মাত্র ২ বোতল কোডেন পেশ করে পুলিশ। ৭৫ গ্রাম ব্রাউন সুগার ও ২০ বোতল কোডেন কোথায় গেল তাই নিয়ে প্রশ্নের মুখে পড়েন তদন্তকারীরা। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়।
আইনজীবী বিশ্বরূপ রায় বলেন, এদিন মামলা উঠতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এডিজি উত্তরবঙ্গকে ১০ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন।