
শেষ আপডেট: 3 April 2019 04:24
কাওয়াখালির মাঠে এই সভার অনুমোদন নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্যের সঙ্গে টালবাহানা চলে বিজেপির। পরে অবশ্য এই মাঠেই মোদির সভার অনুমোদন দিয়ে দেয় এসজেডিএ (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)। গত তিন দিন ধরে জোরকদমে ওই মাঠে মঞ্চ তৈরির কাজ হয়। গতকাল রাত জেগে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোটা মাঠকে ঘিরে কর্মী–সমর্থকদের বসার জায়গা তৈরি করা হয়েছে। মাঠে মূল মঞ্চ হচ্ছে একটিই।
সভার ২৪ ঘণ্টা আগে থেকেই গোটা এলাকা নিজেদের দখলে নিয়ে নেয় এসপিজি। মঙ্গলবার সভাস্থল পরিদর্শন করেন এসপিজি, সেনা এবং পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় চৌধুরি জানিয়েছেন, ‘কাওয়াখালি মাঠের কাছেই রয়েছে সিআরপিএফ ক্যাম্প। সেখানেই হ্যালিপ্যাডে নামার কথা মোদিজির। সেখান থেকে আসবেন এই মঞ্চে। তবে আবহাওয়া খারাপ থাকলে বাগডোগরা এয়ারপোর্টের সেনাছাউনিতে নামবেন তিনি।’ শিলিগুড়ির সভা শেষ করে নরেন্দ্র মোদী চলে যাবেন কলকাতার ব্রিগেড সমাবেশে।
বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র দাবি প্রায় তিন লক্ষ মানুষের জমায়েত হবে এখানে। তিনি বলেন , ‘উত্তরবঙ্গের সব জেলা থেকে কর্মী সমর্থকরা আসছেন। উত্তরবঙ্গে আমাদের শক্তি কত, তা এই সভা দেখেই বুঝতে পারবেন সবাই।’