দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল চন্দ্রকোনা টাউন থানার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে র্যাফও।
ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১৫টি আসনের সবগুলিই তৃণমূলের দখলে। তা সত্ত্বেও প্রধান কে হবে, কোন গোষ্ঠীর হাতে থাকবে পঞ্চায়েত রাশ তাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। একদিকে ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইসমাইল খানের গোষ্ঠী, অন্যদিকে অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রাইয়ের গোষ্ঠী। স্থানীয়দের কথায়, এই দুই দলের মধ্যে ঝামেলা লেগেই থাকে।
পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইসমাইল খানকে প্রধান নির্বাচন করা হয়। বোর্ড গঠনের শেষে তিনি দায়িত্ব নেওয়ার পরই ঝামেলা শুরু করে দেয় অন্য গোষ্ঠীর কর্মী-সমর্থকরা। দু’পক্ষের মধ্যে ধুন্ধুমার বেধে যায়। শেষে পুলিশ এসে পরিস্থিতি বাগে আনে।
https://www.youtube.com/watch?v=XsYhy0RBsJw
জেলা জুড়েই চলছে পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া। সেই নিয়ে জেলার বিভিন্ন জায়গায় উত্তেজনাও রয়েছে চরমে। নিরাপত্তার কথা মাথায় রেখে জেলার নানা প্রান্তে সকাল থেকেই নামানো হয়েছিল র্যাফ। ভোট গঠনের উত্তেজনা সামাল দিতে এবং নজরদারি চালাতে ড্রোন ক্য়ামেরাও ব্য়বহার করেছে পুলিশ।