দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : রামুয়ার খুনের কিনারা হওয়ার আগেই এ বার খুন হল তার সাগরেদ। দু দিন আগেই উত্তর ২৪ পরগনার সোদপুরে খুন হয়েছে হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী রামুয়া। আজ সকালে হাওড়া থানার মল্লিক ফটক এলাকায় জিটি রোডে একটি বন্ধ দোকানের সামনে রাস্তার ধারে ভ্যান রিক্সার উপর এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম গুড্ডু। রামুয়ার ছায়াসঙ্গী ছিল সে। এলাকার অপরাধ জগতের সঙ্গে ছিল তার ওতপ্রোত যোগ। রামুয়ার বিরুদ্ধ গোষ্ঠীর হাতে গুড্ডু খুন হয়েছে বলেই প্রাথমিক ধারণা পুলিশের। তবে সম্প্রতি রামুয়ার সঙ্গেও তার সম্পর্কের অবনতি হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। তাই সমস্ত দিকই দেখা হচ্ছে। রামুয়ার খুনের ঘটনার সঙ্গে এর যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।
এ দিন যেখান থেকে গুড্ডুর দেহ মিলেছে তার অল্প দূরেই রামুয়ার বাড়ি। অত ভোরে কেন গুড্ডু সেখানে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
রবিবার গভীর রাতে সোদপুরে রামুয়ার তিনতলার ফ্ল্যাটে উঠে আসে সাত আট জন দুষ্কৃতী। ফ্ল্যাটের কলিংবেল বাজালে দরজা খোলে রামুয়া স্বয়ং। তার হাতে ছিল পিস্তল। পিছনে দাঁড়িয়েছিল তার স্ত্রী ও আট বছরের মেয়ে। কিন্তু গুলি চালানোর সময় পায়নি রামুয়া। আগেই একজন তার কপালে ও বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। সেখানেই লুটিয়ে পরে রামুয়া। আততায়ীরাও বিনা বাধায় সিঁড়ি বেয়ে নেমে যায়।