
শেষ আপডেট: 5 April 2023 07:49
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: প্যারাস্যুট (parachute) থেকে পড়ে মৃত্যু হল বায়ুসেনার এক জওয়ানের (Air Force jawan)। বুধবার সকালে বাঁকুড়ার বড়জোড়ায় (Barjora) প্যারাস্যুটে বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এই রহস্য মৃত্যু নিয়ে সাতসকালে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। জানাজানি হওয়ার পর সেখানে আসে পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, ওই জওয়ানের নাম চন্দ্রকা গোবিন্দ (২৯)। তিনি পশ্চিম বর্ধমানের পানাগড়ের বায়ু সেনার ছাউনি থেকে প্যারাস্যুটে চেপে বেরিয়েছিলেন। বুধবার বড়জোড়ার ঘুটগড়িয়ায় একটি কারখানার পিছন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, মাঝ আকাশেই কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বড়জোড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি অন্ধ্রপ্রদেশে। ঘটনার খবর পেয়ে পানাগড় থেকে বায়ুসেনার কর্তারা সেখানে আসেন। পুলিশ ও বায়ুসেনা এর তদন্ত শুরু করেছে। পুলিশের এক আধিকারিক বলেছেন, মাঝ আকাশে কোনও টেকনিক্যাল কারণে প্যারাস্যুটে দুর্ঘটনা হতে পারে। সে কারণেই ওই সেনাকর্মীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারত সেরা বাংলার রূপাঞ্জন, আইআইটি জ্যামে দেশের মধ্যে প্রথম নৈহাটির ছেলে