বিহারে সম্প্রতি যে পদ্ধতিতে এস আই আর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই একই ফর্মুলা এবার পশ্চিমবঙ্গেও প্রয়োগ হবে বলে জানানো হয়েছে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 10 October 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু হতে চলেছে শিগগিরই। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন নির্বাচন কমিশনের (Election Commission) চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরের শেষ দিনে, বৃহস্পতিবার কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন তাঁরা।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, "রাজ্যে এস আই আর হলে কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না (No valid voter's name will be left)।" এই বার্তা যেন রাজ্যের সমস্ত স্তরের নির্বাচনকর্মীদের কাছে পরিষ্কারভাবে পৌঁছায়, সে দিকেই জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবারের কমিশনের বৈঠক ছিল দুই দফায়। প্রথম দফায় বৈঠক হয় জেলাশাসক, পুলিশ সুপার, ইআরও, এইআরও, অতিরিক্ত পুলিশ ও জেলা আধিকারিকদের সঙ্গে। পরের দফায় মূলত বুথ লেভেল অফিসারদের (BLO) নিয়ে আলোচনা হয়। কারণ, এস আই আর প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাঁদেরই।
বিহারে সম্প্রতি যে পদ্ধতিতে এস আই আর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই একই ফর্মুলা এবার পশ্চিমবঙ্গেও প্রয়োগ হবে বলে জানানো হয়েছে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এদিন বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলতেই হবে। নির্দেশ অমান্য হলে আইনি ব্যবস্থা নিতে কমিশন পিছপা হবে না।”
বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা নিয়েও বৈঠকে প্রশ্ন ওঠে। বিগত পঞ্চায়েত ও লোকসভা ভোটে যেভাবে ভোটকর্মীদের ওপর হামলা, প্রাণহানি বা হেনস্থার অভিযোগ উঠেছিল, তাতে তাঁদের উদ্বেগ স্বাভাবিক। জ্ঞানেশ ভারতী জানান, রাজ্যের প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে। তবে নির্বাচন কমিশনও গোটা প্রক্রিয়া নজরে রাখবে বলে আশ্বস্ত করেন তিনি।
যদিও কবে থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে কোনও চূড়ান্ত দিনক্ষণ জানাননি কমিশনের আধিকারিকেরা। তবে সূত্রের খবর, অক্টোবরের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন।
চোখ এখন সেই ঘোষণার দিকেই। বিজ্ঞপ্তি জারি হলে, দেখার বিষয়-কতটা স্বচ্ছ, সুষ্ঠু এবং অবাধভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করতে পারে কমিশন।