আশাকর্মী সাবিনা খাতুন বলেন, "এই এলাকা থেকে গর্ভবতী মায়েদের হাসপাতালে আনতে খুবই সমস্যায় পড়তে হয় আমাদের। জানি না কবে এই অবস্থার সমাধান হবে।"

এই রাস্তা দিয়েই নিত্য যাতায়াত এলাকার মানুষের
শেষ আপডেট: 11 July 2025 11:08
নারায়ণগড়ের স্মৃতি ফিরল সুতিতে। দু'বার রাস্তা তৈরির কাজের উদ্বোধন হয়েছে। তাও রাস্তা নেই। খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হল প্রসূতিকে!
গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যাতে 'পথশ্রী' প্রকল্পের রাস্তা ব্যবহার করে উপকৃত হতে পারেন সেটাই ছিল উদ্দেশ্যে। রাজ্য সরকার প্রায় দেড় বছর আগে মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পারাইপুর গ্রামে প্রায় ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছিল বলে জানা যায়।
তবে স্থানীয় বিডিও অফিস থেকে রাস্তা নির্মাণের কাজের 'ওয়ার্ক অর্ডার' পাওয়ার পর আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ওই গ্রামে রাস্তা তৈরির কাজ শুরু করেনি বলে অভিযোগ উঠেছে। তার ফলে আজও প্রচণ্ড অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দা। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই গ্রামের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামের রাস্তা কাদায় ভর্তি থাকায় গর্ভবতী এক মহিলাকে তার পরিবারের সদস্যরা খাটিয়ায় চাপিয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। আশাকর্মী সাবিনা খাতুন বলেন, "এই এলাকা থেকে গর্ভবতী মায়েদের হাসপাতালে আনতে খুবই সমস্যায় পড়তে হয় আমাদের। জানি না কবে এই অবস্থার সমাধান হবে।"
স্থানীয় সূত্রের খবর,২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পারাইপুর গ্রামে দক্ষিণপাড়া এবং পূর্বপাড়ার মধ্যে ওই রাস্তা তৈরির জন্য এটি সংস্থাকে 'ওয়ার্ক অর্ডার' দেওয়া হয়। কিন্তু গত প্রায় দেড় বছরে ওই সংস্থা গ্রামে এক মিটার রাস্তাও তৈরি করেনি বলে অভিযোগ উঠেছে। আর তার ফলে অল্প বৃষ্টিতে গ্রামের রাস্তা এক হাঁটু কাদায় ডুবে থাকে। গ্রামের কোনও মানুষ অসুস্থ হয়ে পড়লে সেখানে অ্যাম্বুলেন্স বা অন্য কোনও গাড়ি ঢুকতে পারে না। বেশিরভাগ সময় গ্রামের লোকজন খাটিয়া করে পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন বলে অভিযোগ। এবার এক আসন্নপ্রসবাকে খাটিয়া করে ওই রাস্তা পার করার ছবি সামনে আসতেই শোরগোল পড়ল।