আগামী বছর বাংলায় বিধানসভা ভোট রয়েছে। স্বাভাবিক ভাবেই, তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন।
.jpeg.webp)
নির্বাচন কমিশন
শেষ আপডেট: 24 October 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের (EC) হাতে। ভোটার তালিকার (Voter List) বিশেষ নিবিড় সংশোধনের সঙ্গে যুক্ত কোনও কর্মী-আধিকারিককে বদলি করা যাবে না। তাছাড়া যখন এসআইআর চলবে, সেই পর্বে বিএলও-দের (BLO) অন্য কোনও কাজ করতে হবে না বলে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
আগামী বছর বাংলায় বিধানসভা ভোট রয়েছে। স্বাভাবিক ভাবেই, তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। বিহারের মতোই এসআইআরের চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা।
হঠাৎ করে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) দু’দিনের জন্য বৈঠকে ডেকে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানায়, দিল্লিতে ওই বৈঠক হয় বুধ ও বৃহস্পতিবার। দু'দিনের এই বৈঠক শেষে কমিশন জানিয়েছে, এসআইআর পর্বে বিএলও-দের অন্য কোনও কাজ করতে হবে না। শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও।
রাজনৈতিক হস্তক্ষেপ, নিজেদের পেশার সঙ্গে এসআইআর চালানোর অসুবিধার কথা কমিশনকে জানিয়েছিল বিএলও-রা।
গত ১০ সেপ্টেম্বর এসআইআর সংক্রান্ত একটি প্রাথমিক বৈঠক হয়েছিল কমিশনে। সেখানেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের ভোটার সংখ্যার তথ্য, শেষ এসআইআর-এর তারিখ ও তালিকার বিস্তারিত বিবরণ জমা দেয়। এবার সেই তথ্যের ভিত্তিতেই চলছে পরবর্তী ধাপের মূল্যায়ন।
এবারের বৈঠকে কমিশনের নজর ছিল আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে— DEO, ERO, AERO, BLO এবং BLA-দের নিয়োগ ও প্রশিক্ষণ পরিস্থিতি, নতুন ও পুরনো ভোটারদের তালিকা মেলানোর অগ্রগতি, আগামী নির্বাচনের কথা মাথায় রেখে কর্মীদের প্রস্তুতি নেওয়া ইত্যাদি।
রাজ্যগুলিকে স্পষ্ট বার্তা— সময় নেই বেশি। প্রস্তুতি নিতে হবে দ্রুত। আর সেই বার্তা মাথায় রেখেই এবার বাংলায় শুরু হতে চলেছে প্রস্তুতির ঘড়ির কাঁটা গোনা।
বাংলায় প্রায় সাত মাস পর বিধানসভা নির্বাচন। ফলে এসআইআর নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিজেপির দাবি, এসআইআর শেষ হলেই বাংলায় ভোট। অপরদিকে তৃণমূলের অভিযোগ, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্পষ্ট বলেছেন, “বাংলাতেও এসআইআর হবেই।”
যে পাঁচ রাজ্যে শীঘ্রই ভোট, সেগুলিকে এই অক্টোবর মাসের মধ্যেই এসআইআর-এর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন। সেই পাঁচ রাজ্য— পশ্চিমবঙ্গ (West Bengal), আসাম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরী। যার ফলে জোর জল্পনা— নভেম্বরেই (November) এই রাজ্যগুলিতে শুরু হয়ে যেতে পারে SIR প্রক্রিয়া।