
শেষ আপডেট: 17 November 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো: ময়দান এলাকায় মেট্রো স্টেশনের কাজ করার জন্য নতুন করে গাছ কাটা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নতুন করে কোনও গাছ কাটা যাবে না। তবে একান্তই গাছ কাটতে হলে বন দফতরের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
একই সঙ্গে আদালত জানিয়েছে, মেট্রো রেলের কাজ বন্ধ রাখার প্রয়োজন নেই। কাজ যেমন চলছে চলবে। কাজ করতে গিয়ে যদি নতুন করে গাছ কাটার প্রয়োজন হয় তবে বন দফতরের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে আরভিএনএলকে। এই মামলায় বন দফতর ও রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলায় আরভিএনএল,সেনা বাহিনী, রাজ্যের মুখ্য সচিব, কলকাতা পুরসভা, কেন্দ্রীয় বন মন্ত্রক, রাজ্যের বন দফতরকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে প্রায় ৭০০ গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এ ব্যাপারে হাইকোর্টের দ্বা্রস্থ হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন। ওই মামলায় এর আগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের পূজাবকাশকালীন বেঞ্চ।
মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, ৭০০ গাছ কাটার জন্য বন দফতরের অনুমতি রয়েছে কি না, তা নিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে তিনবার আরটিআই করা হলেও কোনও জবাব মেলেনি। শুধুমাত্র সরঞ্জাম রাখার জন্য প্রায় ২০০টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এবং সব মিলিয়ে মোট ৭০০টি গাছ কাটা হলে ওই চত্বরের পরিবেশের উপর যথেষ্ট প্রভাব পড়বে।
এর আগে মামলার শুনানি হয়েছিল বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ও বিচারপতি বিভাসরঞ্জন দে’র ডিভিশন বেঞ্চে। অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি ভট্টাচার্যের মন্তব্য ছিল, যে সংখ্যক গাছ কাটার কথা বলা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। ময়দান স্রেফ একটি খোলা জায়গা মাত্র নয়, এটি শহরের ফুসফুস। ১৯৫০ সাল থেকে যে শহরগুলির তাপমাত্রা বছর বছর বেড়ে চলেছে, তার মধ্যে কলকাতা অন্যতম বলেও উল্লেখ করেছিলেন বিচারপতি।