মুখ্যমন্ত্রীর বার্তা, “মানুষের পাশে থাকতে হবে। ভয় নয়, সৎভাবে কাজ করলেই সরকার সঙ্গে থাকবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 12 August 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজে যুক্ত সরকারি কর্মীদের উদ্দেশে আশ্বাসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, “ভয় পাবেন না, রাজ্য সরকার (Government) আপনাদের পাশে রয়েছে। সৎভাবে কাজ করুন, কেউ কিছু করতে পারবে না।”
ভোটার তালিকা সংক্রান্ত কাজে (Voter List) যুক্ত পাঁচ সরকারি কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।
বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাঁরা ভোটার লিস্টের কাজে যুক্ত, তাঁরা যাতে আতঙ্কে না থাকেন, সেটা নিশ্চিত করতে হবে।" অসম সরকারের তরফে এনআরসির নাম করে রাজ্যের বাসিন্দাদের ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, "ভয় পাওয়ার কিছু নেই। আমরা আপনাদের সঙ্গে রয়েছি।”
এদিন মুখ্যসচিবের ডাকা জেলা শাসক এবং পুলিশ সুপারদের বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে সেই বৈঠকে খতিয়ে দেখা হয় জেলার কাজের অগ্রগতি।
মুখ্যমন্ত্রী সাফ জানান, “মানুষের দাবিকে অগ্রাধিকার দিতে হবে। ডেটা এন্ট্রি অপারেটররা ঠিকমতো কাজ করছে কি না, তা নজরে রাখতে হবে।” এছাড়াও মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়েও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের পক্ষ থেকে ২ অগস্ট থেকে চালু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। তিনটি করে পাড়া নিয়ে একটি বুথ তৈরির মাধ্যমে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প। মুখ্যমন্ত্রীর বার্তা, “মানুষের পাশে থাকতে হবে। ভয় নয়, সৎভাবে কাজ করলেই সরকার সঙ্গে থাকবে।”