তাঁদের অভিযোগ, হাসপাতালের ওয়েটিং রুমে ফ্যান নেই, শৌচালয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 28 October 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল (Habra Hospital) পরিদর্শনে গিয়ে রোগীদের ক্ষোভের মুখে পড়লেন হাবরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।
এদিন হাবরা হাসপাতাল পরিদর্শনে যান জ্যোতিপ্রিয়। সেখানে তাঁকে পেয়ে হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও তাদের পরিজনেরা।
তাঁদের অভিযোগ, হাসপাতালের ওয়েটিং রুমে ফ্যান নেই, শৌচালয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয় (No fan, closed bathroom)। এমনকী বিকেলের পর সেটি বন্ধও রাখা হয়। ফলে সমস্যায় পড়তে হয় রোগীর সঙ্গে আসা পরিজনদের। বিধায়ক অবশ্য রোগীদের পরিবারের সদস্যদের অভিযোগকে গুরুত্ব দিয়ে তৎক্ষণাৎ পদক্ষেপ করেন।
বিধায়ক সরাসরি হাসপাতালের সুপার, হাবরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুরসভার চেয়ারম্যানকে নির্দেশ দেন, রাতের মধ্যেই হাসপাতালের বসার জায়গায় ফ্যান বসাতে হবে এবং বাথরুম কখনো বন্ধ করা যাবে না। কারও কাছ থেকে টাকাও নেওয়া যাবে না শৌচালয় ব্যবহার করার জন্য।
পরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য কাজ করছেন। আমাদের লক্ষ্য, কেউ যেন সমস্যায় না পড়ে। আমরা মাঝেমধ্যেই হাসপাতাল পরিদর্শন করব।”
বিধায়কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রোগীর পরিজনেরা। তাঁদের কথায়, বারংবার প্রশাসনের বিভিন্নস্তরে অভিযোগ জানিয়েও কাজ হচ্ছিল না। অবশেষে বিধায়ককে বিক্ষোভ দেখিয়ে হাতে নাতে ফল পেলাম। এতে আমরা উপকৃত হব।