দ্য ওয়াল ব্যুরো : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির অন্যতম নায়ক নীরব মোদী এখন আছেন ব্রিটেনে। রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং জানান, সেন্ট্রাল ব্যুরো অব ম্যানচেস্টার বলেছে, তাদের গোয়েন্দারা জানতে পেরেছেন, কোথায় আছে নীরব মোদী।
ভি কে সিং বলেন, ২০১৮ সালের অগাস্ট মাসে ভারত সরকার ব্রিটেনে দু’টি অনুরোধ পাঠায়। একটি অনুরোধ পাঠায় সিবিআই, অন্যটি এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। ব্রিটিশ সরকারকে বলা হয়, নীরব মোদীকে বন্দি করে ভারতে পাঠানো হোক। ব্রিটিশ সরকার সেই আবেদনগুলি খতিয়ে দেখছে। বিদেশমন্ত্রক কয়েকটি ইউরোপীয় দেশকেও অনুরোধ করেছে, নীরব মোদীকে খুঁজে পেতে আমাদের সাহায্য করুন।
নীরব মোদীকে অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, ঠকানো, দুর্নীতি ও টাকা তছরুপের অভিযোগে খুঁজছে ইটারপোল। গত অক্টোবরে লস এঞ্জেলিসের শিল্পপতি পল অলফোনসো অভিযোগ করেন, মোদী তাঁকে দু’টি জাল হিরের এনগেজমেন্ট রিং বিক্রি করেছিলেন। সেজন্য আলফোনসো সুপিরিয়র কোর্ট অব ক্যালিফোর্নিয়ায় মোদীর বিরুদ্ধে ৪২ লক্ষ ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।