দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের (Delhi Blast) তদন্তে নেমে উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার থেকে শুক্রবার সকালে মেডিক্যাল ছাত্র নিসার আলমকে গ্রেফতার করে এনআইএ। নিসার হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএসের ছাত্র।

শেষ আপডেট: 15 November 2025 18:49
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: নিসার আলমকে জিজ্ঞাবাদের পর শনিবার বিকালে ছেড়ে দিয়েছে এনআইএ (NIA)। নিসারের পরিবার সূত্রে এই খবর জানা গিয়েছে।
নিসারের কাকা আবুল কাশেম জানান, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে (Delhi Blast Case) জড়িত কোনও এক অভিযুক্তের সঙ্গে বছরখানেক আগে একবার কথা হয়েছিল নিসারের। সেই সূত্রে তাকে জিজ্ঞাসাবাদের জন্য NIA আটক করে শিলিগুড়ি নিয়ে গিয়েছিল। তিনি বলেন, "আজ ফোন করে নিসারের বাবাকে ডেকে নিয়ে যায় NIA। তারপর তাঁর হাতে তুলে দেওয়া হয় নিসারকে। সে কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। বরাবরই খুব ভাল ছেলে। জিজ্ঞাসাবাদের পর তাকে ক্লিনচিট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।"
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের (Delhi Blast) তদন্তে নেমে উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার থেকে শুক্রবার সকালে মেডিক্যাল ছাত্র নিসার আলমকে গ্রেফতার করে এনআইএ। নিসার হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএসের ছাত্র।
লালকেল্লা বিস্ফোরণের পর প্রথমে যোগাযোগ করা হয় লুধিয়ানায় থাকা নিশারের বাবা তৌহিদ আলমের সঙ্গে। তারপরেই জানা যায়, নিশার বর্তমানে উত্তর দিনাজপুরে। সঙ্গে সঙ্গে বিশেষ দল রওনা দেয়। বৃহস্পতিবার গভীর রাতে সূর্যাপুরের দিকে অভিযান শুরু হয়। মোবাইল ফোনের লোকেশনই পথ দেখায় তদন্তকারীদের। ভোরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় ইসলামপুরে। পরে জিজ্ঞাসাবাদের স্বার্থে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। এর আগে লালকেল্লা বিস্ফোরণ-কাণ্ডে ধৃত তিন চিকিৎসকের সঙ্গেও যোগ পাওয়া গিয়েছিল হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের। নিসারও সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। পাড়ায় খুবই নম্র ও ভদ্র হিসেবেই তাঁর পরিচিতি। তাই কেন তাকে গ্রেফতার করা হল তা বুঝে পাচ্ছিলেন না গ্রামের মানুষ। কবে সে ঘরে ফিরবে, সেই আশায় ছিলেন কোনাল গ্রামের মানুষ। এখন তার ঘরে ফেরার খবরে স্বস্তি ফিরল পরিবারে, পাড়াতেও।