শাহবাদের বক্তব্য, ইশতিয়াক কিছু বছর আগে ফতেহপুরে জমি কিনে সেখানে ভাড়ার জন্য ঘর বানিয়েছিলেন। সেই ঘরগুলির একটিতে থাকত অভিযুক্ত ডাক্তার মুজাম্মিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 November 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লা বিস্ফোরণ (Delhi Red Fort Blast) মামলায় গ্রেফতার ইমাম (Imam) মহম্মদ ইশতিয়াকের ভাই মহম্মদ শাহবাদের দাবি, তাঁর ভাই একেবারে নির্দোষ!
সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ও প্রায় ২০ বছর ধরে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের (Al Falah University) মসজিদের ইমাম হিসেবে কাজ করছে। বিয়ের আগে আমি নিজেই ওকে সেখানে নিয়োগ করেছিলাম। ওর পরিবারও ওই এলাকাতেই থাকে, আমরা নিয়মিত একে অপরের সঙ্গে দেখা করি।”
শাহবাদের বক্তব্য, ইশতিয়াক কিছু বছর আগে ফতেহপুরে জমি কিনে সেখানে ভাড়ার (Rent) জন্য ঘর বানিয়েছিলেন। সেই ঘরগুলির একটিতে থাকত অভিযুক্ত ডাক্তার মুজাম্মিল। তাঁর কথায়, সে কখন সেই ঘর ভাড়া নিয়েছিল, তা তারা জানেন না। এও বক্তব্য, ভাড়াটিয়াদের দৈনন্দিন কাজে কেউ নজর রাখে না।
নিজের ভাইকে নির্দোষ বলে তিনি আরও বলেন - ভাড়াটিয়ার ঘর থেকে অস্ত্র আর বিস্ফোরক মিলেছে, এসব অভিযোগ পুরোপুরি মিথ্যে। আমাদের পরিবারের কখনও কোনও অপরাধমূলক অভিযোগ ওঠেনি। আমার সব ভাই ইমাম।
এদিকে, এনআইএ-র (NIA) তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে। সংস্থা শীঘ্রই ফরিদাবাদের ধৌজে অবস্থিত আল-ফালাহ মেডিক্যাল কলেজে যাবে, যেখান থেকে গত ৮ নভেম্বর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।
তদন্তে জানা গিয়েছে, ওই কলেজেরই চিকিৎসক মুজাম্মিল শাকিল জইশ-ই-মহম্মদ মডিউলের (JeM Module) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে। অপর এক সদস্য, ডাক্তার উমর, যিনি একই কলেজে কর্মরত ছিলেন, অভিযানের সময় পালিয়ে যান।
ধারণা করা হচ্ছে, এনআইএ ও অন্যান্য সংস্থার তৎপরতায় কোণঠাসা হয়ে পড়েছিলেন উমর। আতঙ্ক ও হতাশার বশে তিনিই লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় যুক্ত ছিলেন, যেখানে তাঁর মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের সময় গাড়িটি তিনিই চালাচ্ছিলেন।
অন্যদিকে, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা লালকেল্লা সংলগ্ন সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শোকপ্রকাশ করেছে। বৈঠকের শুরুতেই নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।