প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ইউক্রেনের বায়ুসেনার বিমান, মৃত ২২
দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ইউক্রেনে ভেঙে পড়েছে একটি সামরিক বিমান। এই দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, প্রশিক্ষণে চলাকালীন অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানে। ইঞ্জিন বিকল হয়েই এই দুর্ঘটনা ঘটে
শেষ আপডেট: 26 September 2020 09:33
দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ইউক্রেনে ভেঙে পড়েছে একটি সামরিক বিমান। এই দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, প্রশিক্ষণে চলাকালীন অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানে। ইঞ্জিন বিকল হয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নিহদের মধ্যে ইউক্রেনের খারকিভ ইউনিভার্সিটি অফ ইয়ার ফোর্সের ক্যাডেট এবং বেশ কয়েকজন বিমানকর্মী রয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিক। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক বায়ুসেনার এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল, শুক্রবার স্থানীয় সময় সাড়ে আটটা নাগাদ ভেঙে পড়েছে ওই বিমান। সূত্রের খবর উত্তর-পূর্ব ইউক্রেনের চুহুইভ শহরের কাছে সেনা বিমানবন্দর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবতরণের আগে ভেঙে পড়েছিল বিমানটি। সে সময় বিমানে মোট ২৭ জন ছিলেন বলে জানিয়েছে ইউক্রেন প্রশাসন। গুরুতর আহত অবস্থায় ২ জঙকে বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক। ইউক্রেনের বায়ুসেনার অ্যান্টোনভ এএন-২৬ এয়ারক্রাফটটি ভেঙে পড়েছে গতকাল।

বিমানটি ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের কথায় নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউদাউ করে জ্বলে ওঠে বিমানের ভাঙা অংশ। স্থানীয়দের অনেকেই এগিয়ে যান আগুন নেভাতে। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। তাদের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, পাইলট নাকি অবতরণের আগে জানিয়েছিলেন যে একটি ইঞ্জিন বিকল হয়েছে। তবে একটি ইঞ্জিন বিকল হলেও নাকি দুর্ঘটনা এড়ানোর সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে জানা গিয়েছে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে তার অনতিদূরে রুশপন্থী বিচ্ছিন্নতাকামীদের সঙ্গে ইউক্রেনীয় সেনার সংঘর্ষ চলছে। তবে এই বিমান দুর্ঘটনার সঙ্গে ওই সংঘর্ষের কোনও যোগ এখনও পাওয়া যায়নি। তবে এই বিমান দুর্ঘটনায় রুশপন্থী বিদ্রোহীদের হাত থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়নি ইউক্রেন প্রশাসন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনে বায়ুসেনা তথা প্রতিরক্ষা মন্ত্রক।