দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপরে পুলিশি হামলার বিরুদ্ধে চলছিল প্রতিবাদ। সেখানেও ফের পুলিশি হামলার অভিযোগ! লাঠির মুখে পড়লেন আন্দোলনকারীরা। চলল লাঠি, ফাটানো হল কাঁদানে গ্যাস। মঙ্গলবার দিল্লির সীলামপুর এলাকার এই ঘটনায় রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। জখম হয়েছেন বহু মানুষ।
জানা গিয়েছে, রবিবার জামিয়া মিলিয়ার ঘটনার পর থেকেই দিল্লির নানা জায়গায় দানা বাঁধছিল প্রতিবাদ। মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদ-বিক্ষোভ চলছিল সীলামপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, দিনের ব্যস্ত সময়ে বড় জমায়েত করছিলেন আন্দোলনকারীরা। থেমে গেছিল যানবাহন, প্রভাব পড়েছিল মেট্রো পরিষেবায়। সেই কারণেই পরিস্থিতি স্বাভাবিক করতে জমায়েত ছত্রভঙ্গ করতে আসে পুলিশ।
অভিযোগ, পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন আন্দোলনকারীরা। সরকারবিরোধী স্লোগান তুলতে থাকেন। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গলা ফাটান সকলে। এর পরেই শুরু হয় পুলিশের অ্যাকশন। নির্বিচারে চলে লাঠি। ফাটানো হয় কাঁদানে গ্যাস।
পুলিশের দাবি, দুই পুলিশকর্মী আহত হয়েছেন প্রতিবাদীদের ছোড়া পাথরে। আন্দোলনকারীরা বাস-গাড়ি ভেঙে দিয়েছে বলেও অভিযোগ করেছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, "সকাল থেকেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। পুলিশ আসামাত্র নির্বিচারে আক্রমণ শুরু করে আন্দোলনকারীদের উপরে। তার পরেই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি।"