আজ রাতের আকাশে কাছাকাছি আসছে মঙ্গল-শুক্র-চাঁদ, খালি চোখেই দেখা যাবে এই বিরল মহাসংযোগ
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতি ও শনি গ্রহের মহাসংযোগ ঘটেছিল গত বছর। দীর্ঘ ৩৯৭ বছর পরে কাছাকাছি এসেছিল সৌর পরিবারের এই দুই গ্রহ। সেই বিরল মহাজাগতিক ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল জ্যোতির্বিজ্ঞানী মহলে। ফের একবার মহাসংযোগ ঘটতে চলেছে। তবে এবার কাছাকাছি,
শেষ আপডেট: 12 July 2021 10:40
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতি ও শনি গ্রহের মহাসংযোগ ঘটেছিল গত বছর। দীর্ঘ ৩৯৭ বছর পরে কাছাকাছি এসেছিল সৌর পরিবারের এই দুই গ্রহ। সেই বিরল মহাজাগতিক ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল জ্যোতির্বিজ্ঞানী মহলে। ফের একবার মহাসংযোগ ঘটতে চলেছে। তবে এবার কাছাকাছি, পাশাপাশি আসছে লাল গ্রহ মঙ্গল, শুক্র ও চাঁদ। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার পশ্চিম আকাশে তাকালেই দুই গ্রহ ও পৃথিবীর আত্মজা চাঁদকে কাছাকাছি দেখা যাবে। মনে হবে একই সারিতে পরস্পরকে আলিঙ্গন করছে মঙ্গল ও শুক্র।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানীরা এই মহাজাগতিক ঘটনাকে বলছেন ‘ট্রিপল কনজাংশন’। কনজাংশন মানে হল একই সময় একই স্থানে কাছাকাছি আসা বা সংযোগ। মহাকাশে দুই গ্রহের মধ্যে যদি দূরত্ব কম মনে হয়, বা মনে হয় যে তারা কাছাকাছি চলে এসেছে তখন তাকে বলে ‘প্ল্যানেটারি কনজাংশন’। সেই ঘটনাই ঘটতে চলেছে আজ রাতে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সেই ৮ জুলাই থেকে মঙ্গল ও শুক্র গ্রহের মধ্যে দূরত্ব কমছে। ক্রমশ তারা একই সারিতে কাছাকাছি চলে আসছে। আজ ও আগামীকাল মঙ্গল ও শুক্র গ্রহ তাদের নিজেদের কক্ষপথ থেকে মাত্র ০.৫ ডিগ্রি দূরে অবস্থান করবে। আজ রাত থেকেই এই পাশাপাশি আসার প্রক্রিয়া শুরু হবে। আগামীকাল চাঁদের কক্ষপথ থেকে মাত্র ৪ ডিগ্রি দূরে অবস্থান করবে দুই গ্রহ। মঙ্গলবার সন্ধের পরে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যাবে এই ট্রিপল কনজাংশন। আজ সন্ধেবেলা মেঘ না থাকলেও মঙ্গল ও শুক্র গ্রহকে পশ্চিম আকাশে কাছাকাছি দেখা যাবে।
https://twitter.com/IIABengaluru/status/1412997893930115079
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা বলছেন, আসলে মঙ্গল ও শুক্র গ্রহের মধ্যে কৌণিক দূরত্ব কমেছে। এমনিতে তারা একে অপরের থেকে যথেষ্টই দূরে আছে। কিন্তু আজ ও আগামীকাল এমন এক সংযোগ ঘটবে যাতে দুই গ্রহ ও চাঁদ খুব কাছাকাছি চলে এসেছে মনে হবে। দেশের নানা জায়গা থেকেই দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য। শুধুমাত্র পশ্চিম দিগন্তেই দেখা যাবে।
গত বছর ২১ ডিসেম্বর সূর্যাস্তের পরে এক মহা-সন্ধিক্ষণ এসেছিল, যখন বৃহস্পতি ও শনি গ্রহ পরস্পরের কাছাকাছি এসেছিল। দুই গ্রহ পরস্পরের থেকে ০.১ ডিগ্রি বা ৬ মিনিটের ব্যবধানে ছিল। সূর্যাস্তের ২০ মিনিটের মাথায় সেই মহা-সন্ধিক্ষণ শুরু হয়েছিল। ৬০ বছর পরে ২০৮০ সালে ফের এই মহা-সংযোগ ঘটবে।