দ্য ওয়াল ব্যুরো: খুব বেশিদিন ইন্ডাস্ট্রিতে পা দেননি তিনি। কিন্তু এই অল্পদিনেই জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সেজল শর্মার মৃতদেহ পাওয়া গিয়েছে তাঁর নিজের ঘরেই। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন সেজল।
২০১৭ সালে অভিনেত্রী হওয়ার বাসনা নিয়ে উদয়পুর থেকে মুম্বইয়ে আসেন সেজল। প্রথমে বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেন সেজল। তারপর তিনি সুযোগ পান স্টার প্লাসের ধারাবাহিক ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ তে। এই ধারাবাহিকে সিমি খোসলা নামের একটি চরিত্রে অভিনয় করছিলেন সেজল। খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে যায় তাঁর চরিত্র। এছাড়াও ‘আজাদ পরিন্দে’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন সেজল।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার মুম্বইয়ে তাঁর বাড়িতেই আত্মহত্যা করেছেন সেজল। বাড়ির লোকই তাঁর ঘরে সেজলের মৃতদেহ দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশে। সেজলের শেষকৃত্যের জন্য উদয়পুরে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বলে খবর। কী কারণে তিনি আত্মহত্যা করলেন, সে ব্যাপারটা স্পষ্ট হয়নি পুলিশের কাছে। পরিবারের লোকেরা জানিয়েছেন, মানসিক অবসাদ বা অন্য কিছুতে ভুগছিলেন না তিনি। সবার সঙ্গে ভালভাবেই মিশছিলেন। কিন্তু হঠাৎ কেন আত্মঘাতী হতে গেলেন তিনি। সেজলের মোবাইক, ল্যাপটপ ঘেঁটে কিছু পাওয়া যায় কিনা, তা দেখছে পুলিশ।
ধারাবাহিকে সেজলের ভাইয়ের চরিত্রে অভিনয় করা অরু কে বর্মা জানিয়েছেন, “হ্যাঁ, এটা সত্যি। আমি এই খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছি। এটা আমার পক্ষে বিশ্বাস করা খুব কঠিন। ১০ দিন আগেই আমাদের দেখা হয়েছিল। রবিবার হোয়াটসঅ্যাপে আমাদের কথা হয়েছে। আমি এই খবরটা বিশ্বাসই করতে পারছি না। আমি যখন ওর সঙ্গে দেখা করেছি তখন দেখে কিছুই অস্বাভাবিক লাগেনি। কারও সঙ্গে ঝগড়াও হয়নি সেজলের। কেন এই সিদ্ধান্ত নিল সেজল তা আমি ভেবেই পাচ্ছি না।”