দ্য ওয়াল ব্যুরো: ভারতে সরকারি মতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখের কাছাকাছি। কিন্তু সেরো সার্ভে জানাচ্ছে ছবিটা তেমন নয়। ভারতের ১৩৫ কোটি নাগরিকের মধ্যে এক চতুর্থাংশ অর্থাৎ ৩০ কোটির বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়ে থাকতে পারেন এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের সেরো সার্ভের ফল।
গত সপ্তাহে এই সেরো সার্ভে করেছে আইসিএমআর। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই সার্ভের ফল জানানোর কথা আইসিএমআরের। কিন্তু তার আগেই এই সার্ভের খবর রাখা একটি সংস্থা এই সংখ্যা জানিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশ করা হয়েছে। কিন্তু সরকারি ঘোষণার আগে সূত্রের ব্যাপারে কিছু জানানো হয়নি। কত মানুষ এই সেরো সার্ভেতে অংশ নিয়েছিলেন সেই বিষয়েও কিছু জানানো হয়নি।
গত বছর অগস্ট ও সেপ্টেম্বর মাসে ১০ বছরের বেশি বয়সী ২৯ হাজারের বেশি মানুষের রক্তের নমুনা নিয়ে একটি সেরো সার্ভে করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল প্রতি ১৫ জনের মধ্যে একজনের রক্তে কোভিড অ্যান্টিবডি রয়েছে। যদিও শহরের বসতি এলাকায় প্রতি ৬ জনের মধ্যে একজনের রক্তে অ্যান্টিবডি পাওয়া গিয়েছিল।
এই সপ্তাহে দিল্লিতে করা একটি সার্ভের ফল জানিয়েছে সরকার। তাতে দেখা গিয়েছে রাজধানীর ২ কোটির বেশি বাসিন্দার অর্ধেক করোনা আক্রান্ত হয়েছিলেন। গত সপ্তাহে সংবাদসংস্থা রয়টার্সকে থাইরোকোর টেকনোলজিস নামের এক সংস্থার প্রধান জানিয়েছেন, ভারতের সাত লাখের বেশি মানুষের মধ্যে সার্ভে করে তাঁরা দেখেছেন তার মধ্যে ৫৫ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছেন।
ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, করোনার চেন ভাঙতে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ মানুষকে ইমিউনিটি পেতে হবে। নইলে এই চেন ভাঙা সম্ভব নয়। ইতিমধ্যেই ভারতে টিকাকরণ শুরু হয়েছে। ১৮ দিনে ৪০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। অগস্টের মধ্যে ৩০ কোটি ভারতীয়কে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।