দ্য ওয়াল ব্যুরো: এবার করোনা ভাইরাসে আক্রান্ত ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করার জন্য বিমান পাঠাচ্ছে ভারত। বায়ুসেনার বিমান সোমবার রাতেই উড়ে যাবে ইরানের উদ্দেশে। যত তাড়াতাড়ি সম্ভব সেখানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা হবে দেশে।
চিনের পর করোনা ভাইরাসে দ্বিতীয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। ইতিমধ্যেই সরকারি হিসেবে সেখানে মৃত্যু হয়েছে ২৩৭ জনের। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১৬১ জন। তবে মনে করা হচ্ছে আক্রান্ত বা মৃতের সংখ্যাটা আরও অনেক বেশি। এখনও অনেক জায়গার খবর এসে পৌঁছয়নি সরকারের হাতে। এই অবস্থায় সেখান থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য ভারতীয় বায়ুসেনার সি ১৭ গ্লোবমাস্টার পণ্যবাহী বিমানকে পাঠানো হচ্ছে। সোমবার রাতেই এই বিমান উড়ে যাবে ইরানের উদ্দেশে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগেই বলেছেন, ইতিমধ্যেই সেখানে থাকা ভারতীয়দের শরীরে করোনা ভাইরাসের জীবাণু আছে কিনা তার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ইরান সরকারের সঙ্গে কথা বলছেন তাঁরা। কী ভাবে ভারতীয়দের সেখান থেকে নিয়ে আসা হবে সেই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে।
এই ব্যাপারে এনসিপি প্রধান শরদ পাওয়ার সরকারের কাছে জানতে চেয়েছিলেন। তার উত্তরে জয়শঙ্কর টুইট করে বলেন, “ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। স্ক্রিনিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। পরবর্তী পদক্ষেপ নিয়ে ইরান সরকারের সঙ্গে কথা হচ্ছে। ভারতীয় দূতাবাস খুবই গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে।”
সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে গিয়েছিলেন জয়শঙ্কর। সেখানকার যেসব ছাত্ররা ইরানে আটকে পড়েছে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় এক ঘণ্টা তাঁদের সঙ্গে কথা হয় বিদেশমন্ত্রীর। সবাই তাঁর কাছে আবেদন করেন যাতে ইরান থেকে সবাইকে দেশে ফিরিয়ে আনা হয়। তাতে জয়শঙ্কর তাঁদের আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে ফিরিয়ে আনা হবে।
ইতিমধ্যেই ভারত থেকে ৪০ জন চিকিৎসককে ইরানে পাঠানো হয়েছে। তাঁরা সেখানে আটকে পড়া ভারতীয়দের পরীক্ষা করে দেখছেন। এখন কতক্ষণে সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হবে সেদিকেই তাকিয়ে গোটা দেশ।