দ্য ওয়াল ব্যুরো : প্রথমে তাঁকে পিছন থেকে গুলি করলাম। তিনি পড়ে গেলেন। দ্বিতীয় গুলিটা করলাম ডান চোখের ঠিক ওপরে। এইভাবেই যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরকে খুনের বিবরণ দিয়েছে শারদ কালাসকর। সেই দাভোলকরের খুনি। ছ’বছর আগে পুনেয় খুন হন নরেন্দ্র দাভোলকর। ৬৭ বছরের ওই যুক্তিবাদীকে খুনের ঘটনায় গত বছর গ্রেফতার হয় শারদ কালাসকর। সে জেরায় শিকার করেছে, গোবিন্দ পানসারে ও গৌরী লঙ্কেশ খুনের সঙ্গেও সে যুক্ত ছিল।
২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দেশে তিনজন যুক্তিবাদী খুন হন। তিনটি মামলায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের অন্যতম শারদ কালাসকর। ২০১৮ সালে সে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। তিনটি খুনের মামলায় তদন্ত যেভাবে ধীর গতিতে চলছে, তাতে অসন্তোষ প্রকাশ করেছে বম্বে হাইকোর্ট। বিচারপতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশেরও সমালোচনা করেন। ফড়নবিশ মন্তব্য করেন, তদন্ত করছে সিবিআই। হাইকোর্ট আমার সমালোচনা করছে কেন?
গতবছরও আদালত অসন্তোষ প্রকাশ করে বলেছিল, তদন্তে গড়িমসি করা হচ্ছে। গত বছর নাল্লাসপোরায় অস্ত্র উদ্ধারের ঘটনায় শারদ কালাসকরকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করতে গিয়ে মহারাষ্ট্র পুলিশ জানতে পারে, তার সঙ্গে গৌরী লঙ্কেশ হত্যার যোগ আছে। মহারাষ্ট্র পুলিশ সেই তথ্য জানায় কর্ণাটক পুলিশকে।