দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে মাঝেমধ্যেই চিকিৎসা নিয়ে নানা গাফিলতির অভিযোগ এসেছে। সেইসঙ্গে অভিযোগ এসেছে চিকিৎসার খরচ নিয়েও। শুধু চিকিৎসার খরচ নয়, করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিরাট ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে। কোথাও আবার রোগীকে না নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। আর এই সব কারণে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, কোভিড রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া নির্দিষ্ট করুক রাজ্যগুলি। এমন ভাড়া রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়।
শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে ভাড়ার জন্য কোথাও কোভিড রোগীদের যেন অবহেলা না করা হয়। তাছাড়া সবাই যাতে অ্যাম্বুলেন্সের সুবিধা পান, তার জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
করোনা আক্রান্ত রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চালকরা অনেক ভাড়া চান, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছিল। তারই শুনানি হয় বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে। সেখানে আদালত জানায়, করোনা অতিমারী মোকাবিলায় কেন্দ্র যে অ্যাডভাইজরি জারি করেছে তা মেনে চলতে বাধ্য রাজ্যগুলি। তাই অবিলম্বে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্দিষ্ট করতে হবে রাজ্যগুলিকে।
শীর্ষ আদালতের এই রায়ের পরে আশা করা যাচ্ছে কোভিড রোগীদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হল। কারণ করোনা রোগী শুনলেই ভাড়া কয়েক গুণ বাড়িয়ে চাওয়ার অভিযোগ উঠছে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে। বিশেষ করে বেসরকারি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। দেশের প্রায় সব রাজ্য থেকেই এই ধরনের অভিযোগ এসেছে। অবশ্য অনেক জায়গায় রাজ্য সরকার এই ধরনের ঘটনায় পদক্ষেপ নিয়েছে। কোথাও আবার পদক্ষেপ হয়নি। তার জেরে সমস্যায় পড়তে হয়েছে রোগীর পরিবারকে।
এর আগে অবশ্য করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়েও কড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সব রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়, নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা নেওয়া হচ্ছে। এতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এই সমস্যা মেটাতে নির্দেশ দেওয়া হয়, সব রাজ্য যেন নমুনা পরীক্ষার একটা সর্বোচ্চ দাম নির্দিষ্ট করে দেয়, তার বেশি টাকা কোনও মতেই হাসপাতালগুলি নিতে পারবে না। সেই রায়ের পরে এবার অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়েও রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট।