দ্য ওয়াল ব্যুরো: হিজাব বিতর্কের মধ্যেই কর্নাটকে বজরং দলের কর্মী খুনের ঘটনায় উত্তাল দক্ষিণের ওই রাজ্য। রবিবারের ওই ঘটনায় একটি এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। কিন্তু সম্ভব হয়নি উন্মত্ত জনতাকে সংযত করা। শেষে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। তাতেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
রবিবার গভীর রাতে বজরং দলের কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে কর্নাটকের শিবমোগা শহরে উত্তেজনা ছড়িয়েছে। শহরের বাড়ানো হয়েছে নিরাপত্তা।
অভিযোগ, শিবমোগায় বজরং দলের কর্মী ২৬ বছর বয়সি হর্ষকে খুন করা হয়েছে। যার জেরে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে শহরের। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শহরের স্কুল ও কলেজগুলো আগামী দু'দিন বন্ধ থাকবে। তিনি আরও বলেন, ওই যুবককে চার-পাঁচজন মিলে খুন করেছে। এই খুনের পেছনে কোন সংগঠনের মদত আছে কিনা সেই নিয়ে কোনও ধারণা নেই।
তবে এর মধ্যেই শহরে উত্তেজনা ছড়িয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, দুষ্কৃতীরা শহরের এক এলাকায় বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
ভারতের দক্ষিণের এই রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম মহিলাদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয়। যতদিন যাচ্ছে বিতর্কের আগুন বেড়েই চলেছে। হাইকোর্টে এই বিষয়ে মামলাও চলছে। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, যতদিন না এই মামলার রায় বেরোচ্ছে ততদিন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনরকম ধর্মীয় পোশাক পরে আসা যাবে না। হিজাব পরা বা না পরা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংস হবে বিক্ষোভ হয়েছে। রাজ্য সরকারের তরফে নানান জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে।