দ্য ওয়াল ব্যুরো: মুক্তির দিন এগিয়ে এসেছে এক সপ্তাহ। প্রথমে কথা ছিল ছবি রিলিজ হবে ১২ এপ্রিল। কিন্তু প্রথম দফার ভোট ১১ এপ্রিল হওয়ায়, সাত দিন এগিয়ে ৫ এপ্রিল ঘোষণা করা হয় মুক্তির দিন। এর মধ্যেই নতুন বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়ো পিক। কবি তথা গীতিকার জাভেদ আখতার অভিযোগ করেছেন, বুধবার মুক্তি পাওয়া ট্রেলরে গীতিকার হিসেবে তাঁর নাম রয়েছে। কিন্তু তিনি এই ছবির জন্যই কোনও গানই লেখেননি।
বিবেক ওবেরয়, বোমান ইরানির মতো অভিনেতারা কাজ করেছেন এই ছবিতে। কিন্তু জাভেদের অভিযোগ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কার্যত দু'ভাগ হয়ে গিয়েছে। জাভেদের করা টুইটে শনিবার সকাল এগারোটা পর্যন্ত ২১ হাজারের বেশি লাইক পড়েছে। রিটুইট হয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি। আইনজীবী প্রশান্ত ভূষণ এই ঘটনাকে 'অবমাননাকর' বলে মন্তব্য করেছেন।
যদিও অন্য অংশের দাবি, জাভেদ আখতার নামে কি একজনই রয়েছেন নাকি! হতে পারে অন্য কোনও জাভেদ আখতার গান লিখেছেন। সিনেমার প্রযোজক সংস্থার তরফে এখনও পর্যন্ত কেউ এ ব্যাপারে মুখ খোলেননি। যে কারণে এই বিতর্ক আরও দানা বেঁধেছে।
পুলওয়ামা কাণ্ডের আগে আগে বিতর্কে জড়িয়েছিলেন জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী শাবানা আজমি। পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক জোট বাঁধার পক্ষে সওয়াল করেছিলেন এই দম্পতি। কিন্তু পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর অবস্থান বদল করেন দু'জনই। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা টেনে এনেও আক্রমণ করা হয়েছে তাঁদের। ফলে সব মিলিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে ওমুঙ্গ কুমার পরিচালিত মোদীর বায়োপিক নিয়ে।
https://twitter.com/Javedakhtarjadu/status/1109064986729635841