দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের রাজ্য বিজেপি সম্পাদক সুনীল বনশল বি.আর আমেদকরের মূর্তিতে মালা পরিয়েছিলেন। আর তাই সেই মূর্তিকে শুদ্ধ করতে তাকে গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করালেন মীরাটের কিছু দলিত আইনজীবী।
ঘটনাটি ঘটেছে মীরাটের জেলা আদালতের বাইরে। শুক্রবার সেখানে গিয়ে বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে মালা দেন সুনীল বনশল ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতা রাকেশ সিনহা। এরপরেই কিছু দলিত আইনজীবী অভিযোগ করেন, বাবাসাহেব আম্বেদকরের মূর্তি স্পর্শ করে বিজেপি নেতারা তাকে অপবিত্র করে দিয়েছে। কারণ বাবাসাহেবের নাম ব্যবহার করে বিজেপি তাদের দলের প্রচার করে। কিন্তু বাবাসাহেব আম্বেদকর ও তাঁর আদর্শ নিয়ে কোনও কাজ করেনি বিজেপি। বাবাসাহেব সারাজীবন দলিতদের উন্নতি ও সমান অধিকারের দাবিতে লড়াই করেছেন। কিন্তু দলিতদের উন্নতির জন্য কোনও দিন মাথাও ঘামায়নি বিজেপি।
https://twitter.com/ANINewsUP/status/1028115251936428033
আর তাই অপবিত্র মূর্তিকে পবিত্র করার জন্য সেই মূর্তিকে গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করানো হয়। এই ঘটনা সামনে আসার পরেই উত্তর প্রদেশের বিজেপি কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। জনৈক নেতার বক্তব্য, আম্বেদকরের আদর্শকে পাথেয় করে অনেক কাজ করেছে বিজেপি। কিন্তু বিরোধী দলগুলি এই বিষয়কে হাতিয়ার করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে উত্তর প্রদেশের বুন্দেলখণ্ডে এক প্রাচীন মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক মনীষা অনুরাগী। তাঁর পা রাখায় মন্দির অপবিত্র হয়ে গিয়েছে, এই অভিযোগে এলাহাবাদ থেকে গঙ্গার জল নিয়ে এসে মন্দির ধুয়ে পবিত্র করা হয়েছিল। তারপর ফের এই ঘটনাতে যোগীর রাজ্যে বিজেপি বিরোধীতার আরও এক নিদর্শন পাওয়া গেল।