দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোরসমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মাঝপথে পালিয়ে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপো তথা শিল্পপতি রাতুল পুরী।
অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেনাবেচায় বেআইনি টাকা লেনদেনের তদন্তে তাঁকে জেরার জন্য ডেকেছিল ইডি। গত শুক্রবার জেরা করছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জেরার মাঝেই বিরতিতে ওয়াশরুম যেতে চান রাতুল। কিন্তু তারপর আর আসেননি। গোয়েন্দারা জানিয়েছেন, বেশ কয়েকবার তাঁকে ফোন করা হয়। কিন্তু তাঁর ফোন সুইচড অফ। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ফের তাঁকে সমন পাঠানো হবে।
ওই দূর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত রাতুল পুরী। গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হয়ে সাময়িক রক্ষাকবচও পেয়েছেন। আদালতের নির্দেশ ২৯ জুলাই পর্যন্ত গ্রেফতার করা যাবে না কমল নাথের ভাইপোকে। কিন্তু আদালত স্পষ্ট বলেছিল, তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। কিন্তু তিনি যে তা করেননি, ইডি-র পক্ষ থেকে আদালতে তা-ও জানানো হবে।
ভিভিআইপি চপার কেনার ঘটনায় তিন হাজার ৬০০কোটি টাকা দূর্নীতি হয়েছে বলে অভিযোগ। সিবিআই এবং ইডি দুই সংস্থাই এই দূর্নীতির তদন্ত করছে। তবে জেরার মাঝ পথে রাতুল পুরীর পালিয়ে যাওয়ায় অনেকেই অন্য গন্ধ পাচ্ছেন। বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে, সব ফাঁস হয়ে যাবে বুঝেই পালিয়েছেন রাতুল। কিন্তু তাতে কোনও লাভ হবে না।
গত ডিসেম্বরে অগুস্তা নিয়ে ময়দানে নেমেছিল বিজেপি। পর্যবেক্ষকদের অনেকেই বলেছিলেন রাফায়েল ঠেকাতে অগুস্তা হাজির করছেন নরেন্দ্র মোদী। ব্রিটিশ দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে দুবাই থেকে প্রত্যর্পণ করে দিল্লি আনা হয়েছিল। সেই সময়ে ইডি আদালতে জানিয়েছিল, জেরায় মিশেল ইতালীয় লেডি ও তাঁর ছেলের নাম বলেছেন। বুঝতে কারও অসুবিধে হয়নি এই ইতালীয় লেডি আর তাঁর ছেলে কে। এর মধ্যেই আইনজীবী গৌতম খৈতান গ্রেফতার হয়েছেন। এ বার কমলনাথের ভাইপোর জেরার মাঝখান থেকে পালিয়ে যাওয়ায় তাই নতুন করে শোরগোল শুরু হয়েছে।