দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় মন্দিরের মধ্যে দুই সাধুকে ছুড়ি মেরে খুনের ঘটনা চার দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও আততায়ী ধরা পড়েনি। আর তাই উত্তরপ্রদেশ পুলিশকে আর ২৪ ঘণ্টা সময় দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারমধ্যেই ধরতে হবে আততায়ীকে।
রবিবার রাতে আউরাইয়া জেলার ভয়ানক নাথ মন্দিরের মধ্যে খুন করা হয় ওই দুই সাধুকে। সকালে মন্দিরে গিয়ে স্থানীয়রা দেখেন নিজেদের খাটিয়ার সঙ্গে বাঁধা অবস্থায় পড়ে আছেন তাঁরা। রক্তে ভেসে যাচ্ছে ঘর। মৃত দুই সাধুর নাম লজ্জা রাম (৬৫) ও হালকে রাম (৫৩)। রামশরণ নামের তৃতীয় এক সাধুও গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়, মৃত দুই সাধুর বুকে এলোপাথাড়ি ছুড়ি চালানো হয়েছে। এই খবর সামনে আসতেই বিক্ষোভ শুরু হয়ে যায় এলাকায়। বেশ কিছু দোকানপাট ও গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে তা নিয়ন্ত্রণ করতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় ও শূন্যে গুলি ছুড়তে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় মাঝে মধ্যেই গো-হত্যা ও গরু চুরির ঘটনা ঘটে। এই তিন সাধু তার বিরুদ্ধে এলাকায় প্রচার চালাচ্ছিল বলেই হামলা হয় তাঁদের উপরে। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও আততায়ী ধরা না পড়ায় এলাকার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার সব স্কুল-কলেজ।
আর এই অবস্থাতে হস্তক্ষেপ করতে হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। তিনি ওই এলাকার থানার ইনচার্জকে সাসপেন্ড করার নির্দেশ দেন। বাকি পুলিশদের বলেন, হাতে ২৪ ঘণ্টা সময় আছে। তার মধ্যেই খুঁজে বের করতে হবে আততায়ীকে। এর জন্য বিশেষ দল গড়াও হয়েছে উত্তর প্রদেশ পুলিশের তরফে। এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আহত সাধু রামশরণের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁকে জেরা করলে অনেক কিছু জানা যাবে বলে আসা পুলিশের।