২৯ অক্টোবর নিউ টাউনের যাত্রগাছি এলাকা থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 9 December 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের (New twist in gold trader's murder) তদন্ত এগোতেই বাড়ছে চাপ ও আতঙ্ক। এবার সরাসরি নিহত ব্যবসায়ীর পরিবারকেই মামলা তুলে নিতে হুমকি দেওয়া হল ফোনে (Family threatened with death to withdraw case, Bidhannagar)—মামলা না তুললে খুনের হুমকি, এমনকি রাজ্যে পা না রাখার সতর্কবার্তাও! ঘটনায় তৎপর হয়েছে বিধাননগর পুলিশ, রুজু হয়েছে একটি সাধারণ ডায়েরি।
মঙ্গলবার বারাসত আদালতে দাঁড়িয়ে এই বিস্ফোরক তথ্য তুলে ধরেন সরকারি আইনজীবী। তিনি জানান, “পরিবারকে ভয় দেখানো হচ্ছে। স্পষ্ট হুমকি দেওয়া হয়েছে মামলা তুলে নিতে। না হলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে।”
২৯ অক্টোবর নিউ টাউনের যাত্রগাছি এলাকা থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার সূত্রেই নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। তিনি আগাম জামিন পেয়েছেন।
এ দিন এই মামলায় গ্রেফতার হওয়া সাসপেন্ড তৃণমূল নেতা সজল সরকারের জামিনের আবেদন ছিল আদালতে। আদালতে তাঁর আইনজীবী জামিন চান, কিন্তু তীব্র আপত্তি জানান সরকারি আইনজীবী।
সরকারি পক্ষের দাবি, অপহরণ, খুন এবং দেহ ফেলে দেওয়ার ঘটনায় সজল সরকারের উপস্থিতির প্রমাণ মিলেছে। সেই তথ্য আদালতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আদালত চত্বরে সরকারি আইনজীবীর ক্ষোভ, “একদিকে তদন্ত এগোচ্ছে, অন্যদিকে অভিযোগকারীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত গুরুতর।”
তদন্তকারীদের মতে, হুমকির ফোন খুনের মামলার গতিপ্রকৃতির সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে। তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে।