পাশাপাশি এও জানান হয়েছে, সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আর কোনওভাবে সামাজিক শ্রেণির তথ্য সংশোধন বা আপডেট করার সুযোগ থাকবে না।

ফাইল ছবি
শেষ আপডেট: 4 August 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক স্তরের ভর্তির (Admission) জন্য রাজ্য সরকারের চালু করা সেন্ট্রালাইসড অ্যাডমিশন পোর্টাল (Centralised Admission Portal) নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতর (West Bengal Higher Secondary Council)। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির এই প্রক্রিয়ায় সামাজিক শ্রেণির তথ্য আপলোড সংক্রান্ত নির্দেশিকা চূড়ান্ত করা হয়েছে।
গত ২৮ জুলাই সুপ্রিম কোর্টের রায়ে আবেদনকারীদের সামাজিক শ্রেণির তথ্য আপডেটের সুযোগ চালু হয় ২৯ জুলাই থেকে। কিন্তু এখনও বহু আবেদনকারী সেই তথ্য জমা দেননি বলেই জানিয়েছে কাউন্সিল। তাদের জন্যই চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার অর্থাৎ ৫ অগস্ট রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে সামাজিক শ্রেণি সংক্রান্ত সমস্ত তথ্য পোর্টালে (https://wbcap.in) আপডেট করতেই হবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে এই তথ্য আপলোড করবেন না, তাদের আবেদন ডিফল্ট হিসেবে গণ্য করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য উচ্চশিক্ষা দফতর।
পাশাপাশি এও জানান হয়েছে, সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আর কোনওভাবে সামাজিক শ্রেণির তথ্য সংশোধন বা আপডেট করার সুযোগ থাকবে না।
মেসেজ, ইমেল ও ফোনের মাধ্যমে বারবার যোগাযোগ করা সত্ত্বেও বহু ছাত্রছাত্রী এখনও সামাজিক শ্রেণির তথ্য জমা দেননি বলে ক্ষোভ প্রকাশ করেছে দফতর। ফলে মেধা তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে। এই অবস্থায় কাউন্সিলের কড়া বার্তা, সময়মতো তথ্য না দিলে তার দায় ছাত্রছাত্রীদেরই।