
বাংলাদেশের সাংসদ খুনে গোয়েন্দাদের হাতে নতুন তথ্য
শেষ আপডেট: 19 June 2024 11:22
দ্য ওয়াল ব্যুরো: তদন্ত যত এগোচ্ছে একের পর এক সামনে আসছে নজিরবিহীন নৃশংসতা। এবার জানা গেল বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের মাংস কুচি-কুচি করতে কিমা করার যন্ত্র কিনেছিল খুনেরা। এই ঘটনায় ধৃত সিয়াম হোসেনকে জেরা করেই এই তথ্য মিলেছে বলে দাবি সিআইডির গোয়েন্দাদের।
মে মাসের ১২ তারিখ কলকাতায় এসেছিলেন বাংলাদেশে সাংসদ আনোয়ারুল আজিম। ১৩ মে থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নিউ টাউনের একটি আবাসনে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তাঁকে। তদন্তে নেমে প্রথমে উত্তর ২৪ পরগনা থেকে বাংলাদেশের নাগরিক কসাই জিহাদ হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি। তাকে জেরা করেই খোঁজ মেলে সিয়ামের।
সিআইডির গোয়েন্দারা জানান, কলকাতার নিউ মার্কেটের একটি দোকান থেকে ২২০০ টাকা দিয়ে মাংস কিমা করার যন্ত্র কিনেছিল সিয়াম। তবে সেই যন্ত্র দিয়েও সাংসদের পুরোটা কিমা করতে পারেনি তারা। পরে বেশ কিছুটা অংশ নিউটাউনের ওই আবাসনের সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিল তারা। হাড়গোড়ের অংশ ফেলে দিয়ে আসা হয় ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে।
এই খুনের ঘটনায় ইতিমধ্যেই একাধিকজনকে গ্রেফতার করেছে সিআইডি। খুনে জড়িত সন্দেহে বাংলাদেশে গ্রেফতার হয়েছে আমানুল্লা ওরফে শিমুল ভূঁইয়া ও শিলাস্তি রহমান-সহ চার জন। তবে খুনের মূল চক্রান্তকারী এবং সাংসদের বাল্য বন্ধু আখতারুজ্জামান শাহিন এখনও পলাতক। অন্যতম সন্দেহভাজন ফয়জল এবং মুস্তাফিজুরেরও খোঁজ মেলেনি এখনও।