
শেষ আপডেট: 1 February 2024 12:34
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে প্রাথমিকে নিয়োগের জন্য যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল বুধবার তার মেধাতালিকা প্রকাশ পেয়েছে। ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছে। তার নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এই নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের নতুন মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
২০২২ সালের প্যানেল সংক্রান্ত নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে। সেই আর্জি গ্রহণ করেছেন বিচারপতি। জানা গেছে, আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। বুধবার এই প্যানেল প্রকাশের পর পর্ষদ জানিয়েছিল, আগামী ১ সপ্তাহের মধ্যে নিয়োগ হবে ৯ হাজার ৫৩৩ জনের। এখন নতুন করে মামলা হওয়ায় আবার একবার এই নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হল।
মঙ্গলবার প্রাথমিকের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলায় রায় দিয়ে আদালত জানিয়েছিল, বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। ডিএলএড ডিগ্রির চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে।
তবে বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরাই আদালতের দ্বারস্থ। বিএড গ্রহণ না হলেও ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের প্যানেলে যুক্ত করা হল না? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে।