অভিযোগ, পুলিশ তাঁকে গ্রেফতার করতে গেলে জয়ন্ত একটি সার্জিকাল কাঁচি নিয়ে পুলিশের উপরে হামলা চালায়। জখম হন এক পুলিশকর্মী।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 18 September 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: নেতাজিনগরে (Netaji Nagar PS) আইনজীবীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল বুধবার গভীর রাতে। শুধু হুমকি দিয়েই থামেনি দুষ্কৃতীরা, পরে অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের উপরেই চড়াও হয় তারা। ঘটনায় এক পুলিশকর্মী আহত হয়েছেন। অভিযুক্ত জয়ন্ত ঘোষ-সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতাজিনগরের ৪ নম্বর কলোনির বাসিন্দা এবং পেশায় আইনজীবী দীপায়ন ঘোষকে প্রথমে ফোনে হুমকি দেয় জয়ন্ত ঘোষ নামে এক ব্যক্তি। এরপর দীপায়নের বাড়ির সামনে গিয়ে বন্দুক দেখিয়ে হুমকি দিতে শুরু করে সে এবং তার কয়েকজন সঙ্গী।
ঘটনার পর দীপায়ন নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের ধরতে যায়। অভিযোগ, দীপায়নের বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় জয়ন্ত ও তার দলবল কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্থা করে।
পুলিশ তিন জনকে তখনই আটক করলেও জয়ন্ত-সহ কয়েক জন পালিয়ে যায়। পরে খবর আসে, জয়ন্ত গা ঢাকা দিয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে।
সেখানেই ফের নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, পুলিশ তাঁকে গ্রেফতার করতে গেলে জয়ন্ত একটি সার্জিকাল কাঁচি নিয়ে পুলিশের উপরে হামলা চালায়। জখম হন এক পুলিশকর্মী।
শেষমেশ অবশ্য জয়ন্তকে পাকড়াও করতে সফল হয় পুলিশ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জেরা করে গোটা ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।