অভিযুক্ত ভাইপো সৈকত প্রামাণিককে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
.jpg.webp)
শেষ আপডেট: 20 January 2026 14:16
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। নোয়াপাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। এই ঘটনায় শোরগোল পড়ল ইছাপুরের গোয়ালাপাড়ায়।
নোয়াপাড়া থানার ইছাপুর গোয়ালাপাড়া এলাকার বাসিন্দা কানাই প্রামাণিক। অভিযোগ, সোমবার রাতে তাঁকে বেধড়ক মারধর করে তাঁর ভাইপো সৈকত প্রামাণিক। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে রক্তাক্ত করা হয়। কানাইবাবুর আর্তচিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন।
স্থানীয় বাসিন্দারা তাঁকে ব্যারাকপুর বিএনবসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। প্রচুর রক্তক্ষরণে তখন রীতিমতো আশঙ্কাজনক অবস্থা তাঁর। ডাক্তাররা চিকিৎসা শুরু করলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন শোকার্ত মানুষজন।
অভিযুক্ত ভাইপো সৈকত প্রামাণিককে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, তিন বছর আগে আরও এক কাকা নব প্রামাণিককে খুন করার অভিযোগ উঠেছিল সৈকতের বিরুদ্ধে। তারপর থেকে জেলেই ছিল সে। সম্প্রতি জেল থেকে ছাড়া পায়। বাড়িতে ফিরেই আরও এক কাকাকে খুন করে বলে অভিযোগ। পারিবারিক অশান্তির জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।