দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবারই অভিনেতা তথা রাজনীতিক শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাবধান করে দিয়েছিলেন, তিনি যদি চৌকিদার হতে চান, তাহলে দেশবাসী তাঁর কাছে অনেক প্রশ্নের জবাব চাইবে। শনিবার বিহারের জন্য প্রথম দফায় ৫০ জন প্রার্থীর নাম ঘোষণা করল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স। তাতে নেই শত্রুঘ্নর নাম। ২০১৪ সালে তিনি পটনা সাহিব কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবার ওই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।
শত্রুঘ্ন দু’বার পটনা সাহিব থেকে নির্বাচিত হয়েছেন। গত কয়েক বছর ধরে বিজেপির প্রতি তিনি অসন্তুষ্ট ছিলেন। নোটবন্দি, জিএসটি, কৃষকদের সংকট, বেকারত্ব এবং রাফায়েল চুক্তি, প্রতিটি বিষয় নিয়েই তিনি বিরোধীদের সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন।
বিরোধীদের দু’টি বড় জমায়েতেও অংশগ্রহণ করেছেন অভিনেতা। প্রথমটি হয়েছিল গত জানুয়ারিতে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কলকাতায় ওই সভা হয়। গত মাসে পরবর্তী সভাটি হয়েছিল দিল্লিতে। দু’টি সভাতেই তিনি বলেন, রাফায়েল নিয়ে কংগ্রেস যে প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রীকে তার জবাব দিতে হবে।
গত বৃহস্পতিবার তিনি মোদীকে হোলির অভিনন্দন জানিয়ে একটি টুইট করেন। তাতে প্রধানমন্ত্রীকে শ্রীজি সম্বোধন করে তিনি লেখেন, হ্যাপি হলি টু ইউ, শ্রীজি। আমি আপনাকে বিনীত কিন্তু দৃঢ়ভাবে একটি কথা মনে করিয়ে দিতে চাই। আপনি নিজেকে যত চৌকিদার বলে দাবি করবেন, জাতি তত আপনার থেকে রাফায়েল ও অন্যান্য প্রশ্নের জবাব চাইবে।
শনিবার এনডিএ-র যে তালিকা প্রকাশত হয়েছে, তাতে দেখা যায় প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে নওয়াদা কেন্দ্রের বদলে প্রার্থী করা হচ্ছে বেগুসরাই থেকে। গিরিরাজ সিং আগেই উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, তাঁকে নওয়াদা থেকে প্রার্থী নাও করা হতে পারে। তালিকা প্রকাশের পরে জানা যায়, এবার ওই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন লোক জনশক্তি পার্টির প্রার্থী।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী রাধামোহন সিং এবার প্রার্থী হচ্ছেন পুর্বী চম্পারণ থেকে। গতবারেও তিনি ওই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। এদিন এক সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রকাশ করেন বিজেপির বিহার শাখার প্রধান নিত্যানন্দ রাই, ইউনাইটেড জনতা দলের রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং এবং এলজেপির রাজ্য শাখার প্রধান পশুপতি পরশ।
গত ১৭ মার্চ এনডিএ-র তিন শরিক ঘোষণা করে, কোন কেন্দ্রে কে প্রার্থী দেবে। বিজেপি ও ইউনাইটেড জনতা দল বিহারে ১৭ টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এলজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে বাকি ছ’টি আসনে।