
ফাইল ছবি
শেষ আপডেট: 16 April 2025 15:41
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ ইস্যুতে (Waqf Bill) উত্তাল মুর্শিদাবাদ (Murshidabad) পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা আসবেন বলে খবর ছিল। এবার জানা গেছে, জাতীয় মহিলা কমিশনও (NCW) প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলায়। মুর্শিদাবাদ জেলা ঘুরে দেখে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হতে চায় তাঁরা।
বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে চার সদস্যের প্রতিনিধিদল গঠনের কথা জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধের মধ্যেই তাঁরা বাংলায় চলে আসবেন। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহটকর স্বতঃপ্রণোদিত ভাবে এই বিষয়টিতে হস্তক্ষেপ করার কথা জানিয়েছেন। ওয়াকফ বিক্ষোভে জেলার বহু মহিলা অত্যাচারিত বলে অভিযোগ গেছিল তাঁদের কাছে। সেই প্রেক্ষিতেই তাঁরা এলাকা পরিদর্শন করতে চান বলে জানিয়েছে মহিলা কমিশন।
শুধু মুর্শিদাবাদ নয়, মালদহও উত্তপ্ত হয়েছে ওয়াকফ বিরোধিতায়। জাতীয় মহিলা কমিশনের দল সেখানেও যাবে বলে জানিয়েছে। মূলত, শুক্র ও শনিবার দুই জেলা পরিদর্শন করবে তাঁদের প্রতিনিধি দল। পাশাপাশি জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও কথা বলবেন তাঁরা। চলতি সপ্তাহে জাতীয় মানবাধিকার কমিশনেরও আসার কথা রাজ্যে। কমিশন সূত্রের খবর, এ ব্যাপারে ওড়িশার 'প্রকাশ কলিঙ্গ রাইটস্ ফোরাম' নামে একটি মানবাধিকার সংগঠনের তরফে অভিযোগ জানানো হয়েছিল।
মুর্শিদাবাদের হিংসার ঘটনায় তিনজনের মৃত্যু, বহু ঘর বাড়ি এবং সরকারি অফিসে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। এক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার জেরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট সংগঠনের। সেই অভিযোগ খতিয়ে দেখতেই রাজ্যে আসছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি দল।