দ্য ওয়াল ব্যুরো : সম্ভবত রবিবারই কংগ্রেস (Congress) পাঞ্জাবে (Punjab) তাদের মুখ্যমন্ত্রী (Chief Minister) পদপ্রার্থীর নাম ঘোষণা করবে। তার আগে এদিন সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার নভজ্যোৎ সিং সিধু। তিনি টুইট করে বলেছেন, দল যা সিদ্ধান্ত নেবে তিনি মেনে নেবেন। সিধু লিখেছেন, "সঠিক সিদ্ধান্ত ছাড়া বড় কিছু অর্জন করা যায় না। আমাদের নেতা রাহুলজিকে উষ্ণ অভ্যর্থনা জানাই। সকলেই তাঁর সিদ্ধান্ত মেনে চলবে।"
https://twitter.com/sherryontopp/status/1490156090360995840
এদিন লুধিয়ানায় ভার্চুয়াল জনসভা করবেন রাহুল। কংগ্রেসের পাঞ্জাব শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ চৌধুরি বলেন, সেখানেই পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেন রাহুল। একটি সূত্রে শোনা যায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে ফের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে।
কিছুদিন আগে কংগ্রেস ফোন কলের মাধ্যমে সমীক্ষা করেছিল, মুখ্যমন্ত্রী হিসাবে কাকে পাঞ্জাবের মানুষ পছন্দ করছেন। সিধু সম্প্রতি চান্নির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে এমন কাউকে বাছা উচিত, যিনি সৎ।
গত সেপ্টেম্বরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ক্যাপটেন অমরিন্দর সিং-কে সরিয়ে দেওয়া হয়। তখন অনেকেই আশা করেছিলেন সিধু মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু পার্টির হাইকম্যান্ড মুখ্যমন্ত্রীর পদে বসায় চান্নিকে।
আগামী ২০ তারিখে বিধানসভা ভোট হবে পাঞ্জাবে। গণনা হবে ১০ মার্চ।