
শেষ আপডেট: 2 February 2024 08:11
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্রপুরের স্কুলে হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। একাধিকবার বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট। মাধ্যমিক শুরুর আগে এফআইআরে নাম থাকা সকল অভিযুক্তকে গ্রেফতারির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আর আদালতের কড়া নির্দেশের পরই শুরু হয়েছে একের পর এক ধরপাকড়। মাধ্যমিক পরীক্ষার কয়েক ঘণ্টা আগে গ্রেফতার হল দুই অভিযুক্ত। মাধ্যমিক পরীক্ষার সময় কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্কুল চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
বৃহস্পতিবার ভোর রাতে এফআইআরে নাম থাকা আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু ও স্কুল পরিচালন কমিটির সদস্য মানিজুর রহমান। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা প্রবীর সর্দার ওরফে ছোটন, যাঁকে ওই হামলার ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছিল অসীম ইশ্বর নামে আরও এক ব্যক্তিকে। সবমিলিয়ে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহের ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করল পুলিশ।
গত ২৭ জানুয়ারি নরেন্দ্রপুরের বলরামপুর হাইস্কুলে ঢুকে একদল বহিরাগতের চালানো হামলায় আহত হন কয়েক জন শিক্ষক, সম্ভ্রমহানি করা হয় শিক্ষিকাদের। জানা গিয়েছে, শনিবার সকালে নরেন্দ্রপুরের ওই স্কুলে প্রথম ক্লাস চলছিল। সেই সময় টিচার্স রুমে ছিলেন ১৮-২০ জন শিক্ষক-শিক্ষিকা। আচমকা সেখানে ঢুকে পড়েন ২০-২৫ বহিরাগত। অভিযোগ, কোনও রকম কথায় না গিয়ে শিক্ষক এবং শিক্ষিকাদের মারধর শুরু করেন তাঁরা। হামলার ছবি তুলতে গেলে তিন-চার জন শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙেও দেওয়া হয়।
নিগৃহীত শিক্ষক-শিক্ষিকাদের এফআইআরে নাম রয়েছে স্কুলের প্রধানশিক্ষক, স্থানীয় বনহুগলি গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং স্কুলের ম্যানেজিং কমিটির দু’জন সদস্যের। তবে ঘটনাটিতে এখনও অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ ও এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা তথা যুব সভাপতি আকবর আলি খান।
কয়েকদিন আগেই ওই স্কুলের শিক্ষকদের মারধরের ভিডিয়ো ভাইরাল হয়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ভার্চুয়ালি হাজিরা দেন বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি। তাঁকে বিচারপতি বলেন, “মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন। পঞ্চায়েত সদস্য ও রাজনৈতিক ব্যক্তিকে ছেড়ে রাখা যাবে না। তা হলে পরীক্ষার সময়ে গোলমাল হতে পারে।” আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার কয়েক ঘণ্টা আগেই পরপর চারজনকে গ্রেফতার করল পুলিশ।