বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সরকারি সভায় দাঁড়িয়ে বিকাশের লক্ষ্যে মাত্র পাঁচ মিনিটই দিলেন প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 29 May 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই নীতি আয়োগের বৈঠকে টিম ইন্ডিয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ২০৪৭ সালে বিকশিত ভারতবর্ষের জন্য চাই বিকশিত রাজ্য। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সরকারি সভায় দাঁড়িয়ে সেই বিকাশের লক্ষ্যে মাত্র পাঁচ মিনিটই দিলেন প্রধানমন্ত্রী (PM Modi Alipurduar Visit)।
কোচবিহার ও আলিপুরদুয়ারে আড়াই লক্ষ পরিবারের ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার প্রকল্প এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। তার পর সেই মঞ্চে দাঁড়িয়ে বলেন, এই গ্যাস পাইপ লাইনের ফলে দুই জেলার বিপুল সংখ্যক পরিবার স্বচ্ছ ও নিরাপদ গ্যাস সররাহের সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রীর কথায়, “ভারতবর্ষ উন্নয়নের পথে হাঁটছে। সেই উন্নয়ন যজ্ঞে বাংলার অংশীদারিত্ব প্রত্যাশিত ও অনিবার্য। সেই কারণেই বাংলায় লাগাতার পরিকাঠামো, উদ্ভাবন ও বিনিয়োগে নতুন গতি দিচ্ছে কেন্দ্র। বাংলার উন্নয়ন ভারতের ভবিষ্যতের ভিত গড়ে দেবে। আজকের দিন তাই ওই ভিতে নতুন ইট জোড়ার দিন”।
প্রধানমন্ত্রী এদিনের সভায় উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) প্রসঙ্গ তোলেন। সেই সঙ্গে বলেন, উজ্জ্বলা যোজনার মাধ্যমে শুধু শুধু ঘরে ঘরে গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়নি। মহিলাদের ধোঁয়া থেকে মুক্তি ঘটেছে। তাঁদের সামাজিক মর্যাদা বেড়েছে। ২০১৪ সালের আগে সারা দেশে ১৪ কোটিরও কম রান্নার গ্যাসের কানেকশন ছিল। এখন তা বেড়ে হয়েছে ৩১ কোটিরও বেশি। তাঁর কথায়, আলিপুরদুয়ার ও কোচবিহারে যে গ্যাস পাইপলাইন পাতার কাজ হয়েছে তা স্রেফ একটা পাইপলাইন নয়, ‘প্রগতির জীবন রেখা’।
এটুকু বলেই প্রধানমন্ত্রী বলেন, আমি জানি আপনারা অনেক কিছু শুনতে চাইছেন। তা এই মঞ্চ থেকে বলব না। কিছুক্ষণ পর একটি জনসভায় যোগ দেব। সেই সভায় থেকেই অনেক কিছু বলব।
প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ হতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এর মানে হল পশ্চিমবঙ্গের উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর পাঁচ মিনিটের বেশি কিছু বলার নেই। উনি পরিকাঠামো খাতে যে লাগাতার বিনিয়োগের কথা বলেছেন, তার বিশদ কোথায়। কোথায় কোথায় সেই বিনিয়োগ হয়েছে? গত দশ বছরে বাংলার সঙ্গে বঞ্চনা ছাড়া কিছুই করা হয়নি। তাই ওনার পাঁচ মিনিটের বেশি বলারও কিছু নেই।