গ্রেফতার তৃণমূল নেতা
শেষ আপডেট: 27 December 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: অনুপ্রবেশ যোগে এবার গ্রেফতার তৃণমূল কর্মী। অনুপ্রবেশকারীদের সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগে ওই কর্মী ও তাঁর শাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা নদিয়ার হরিণঘাটার।
পুলিশ জানিয়েছে, হরিণঘাটার নাম, ঠিকানা ব্যবহার করা হয়েছে নথিতে। শুধু তাই নয়, বাংলাদেশি যুবকের বাবা হিসেবে পরিচয়ও দেওয়া হয়েছে সেখানে।
ঘটনার কথা জানাজানি হতেই চাপে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিতর্কের মধ্যে স্থানীয় নেতাদের বক্তব্য, আইন আইনের পথে চলবে। অন্যদিকে সুযোগ বুঝে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। তাদের বক্তব্য তৃণমূলের মদতেই যাবতীয় অনুপ্রবেশ হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস এবং শাগরেদের নাম সুব্রত দফাদার। কয়েকদিন আগে প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশিকে হরিণঘাটার উত্তরপাড়া এলাকা থেকে গ্রেফতার করে হরিণঘাটা থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে সুব্রত দফাদার ও মৃগাঙ্ক বিশ্বাসের।
ধৃত বাংলাদেশি প্রাঞ্জল মণ্ডল বলেন, 'বাংলাদেশ থেকে ভারতে পড়াশুনা করার জন্য এসেছিলাম। এক ব্যক্তি আমার নামে থানায় অভিযোগ করেন। ওঁকে আমার বাবার পরিচয়ে সরকারি নথি করে দেওয়া হয়েছিল'।
এ প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল কর্মী মৃগাঙ্ক অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন। ধৃত দু'জনকে শুক্রবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।
বস্তুত, বাংলাদেশের একাধিক জঙ্গি ধরা পড়েছে ভারতে। অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে হয়েছে গ্রেফতারি। পাশাপাশি একাধিক জায়গায় চলছে অনুপ্রবেশকারী বিরোধী অভিযান। সম্প্রতি মহারাষ্ট্রে ১৭ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে এটিএস। ধৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছে। পুলিশের দাবি, তাঁদের কারও কাছে বৈধ কোনও নথি ছিল না। আধার কার্ড থেকে শুরু ভোটার কার্ড কিছুই দেখাতে পারেননি তাঁরা।
এদিকে আবার ত্রিপুরা থেকে ৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরা ঢোকার পর আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা যাওয়ার কথা ছিল তাদের। তবে তার আগেই স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাতেও কলকাতার পার্ক স্ট্রিটের কলিন লেন এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। কারণ ভারতে আসার কোনও বৈধ পাসপোর্ট তার কাছ থেকে পায়নি পুলিশ বলে সূত্রের খবর।