অর্থ দফতর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছরের ১ অগস্ট থেকে।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 August 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: চুক্তিভিত্তিক গ্রুপ-ডি (Part Time Group D Workers) কর্মীদের ভাতা বাড়াল নবান্ন (Nabanna)। আগে ভাতা ছিল ২ হাজার টাকা। এখন তা বেড়ে হল ৫ হাজার টাকা। অর্থ দফতর ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে চলতি বছরের ১ অগস্ট থেকে।
অর্থ দফতরের (Finance Dept) তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ-ডি ক্যাটেগরির পার্ট-টাইম কর্মীরা যাঁরা সারা বছর বা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করেন, এবং যাঁদের ভাতা দেওয়া হয় কনটিনজেন্সি খাত থেকে, তাঁদের মাসিক প্রাপ্য এখন থেকে নির্দিষ্ট করা হল ৫ হাজার টাকা। এর বাইরে অন্য কোনও ভাতা বা ভিন্ন সুবিধা মিলবে না।
রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর যে শর্তাবলী নির্ধারিত হয়েছিল, তার কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ পুরনো সব নিয়ম অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র মাসিক ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াল ৫ হাজার। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হল ১ অগস্ট, ২০২৫ থেকে।
কদিন আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছে সরকার। ‘শ্রমশ্রী’তে টাকা পাবেন তাঁরা। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে। অনেকেই কাজ হারাচ্ছেন, পাচ্ছেন না ন্যায্য মজুরি বা ন্যূনতম সম্মান।
‘শ্রমশ্রী’তে পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রথম ১ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন শ্রমিকরা। তাঁরা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। কারও পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান পাবেন। ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। তা ছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাঁদের।