বন্যা বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশপাশে যাতে জল না জমে, সেজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ছবি - এআই
শেষ আপডেট: 22 August 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে (West Bengal) প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন আসন্ন এসএসসি (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষায়। এত বিশাল মাপের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নবান্নের (Nabanna) তরফে একাধিক কড়া নির্দেশ জারি করা হয়েছে। যানবাহনের ঘাটতি হতে পারে, যানজটেরও সম্ভাবনা রয়েছে! তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতা নেওয়া হয়েছে।
আগামী মাসের শুরুর দিকে এসএসসি-র পরীক্ষা হওয়ার কথা। ৭ বা ১৪ তারিখ সেই পরীক্ষার সম্ভাবনা রয়েছে। হলে, সেই দুই দিন যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে।
বন্যা বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশপাশে যাতে জল না জমে, সেজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনও পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনও সমস্যা দেখা দেয়, তবে সেই ক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ফ্রিসকিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, যখন প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে, তখন সেখানে একজন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন। সেই সরকারি আধিকারিককেই পরীক্ষা-সংক্রান্ত সমস্ত দায়িত্ব নিতে হবে।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন এবং সমস্ত নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ (SSC Scam) প্রক্রিয়াকে গত এপ্রিল মাসে ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে রাতারাতি চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক। আদালত নির্দেশ দেয়, নতুন পরীক্ষা নিয়ে তাঁদের পুনর্নিয়োগ করতে হবে। সেই অনুযায়ী রাজ্য সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষার দিন ধার্য করে।