আগামী ২৮ জুলাই নবান্ন অভিযানের দিন পড়ছে মঙ্গলাহাটের দিনে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 26 July 2025 00:19
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৮ জুলাই নবান্ন অভিযানের দিন পড়ছে মঙ্গলাহাটের দিনে। এ ব্যাপারে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানিয়ে দিলেন, হাট বসার দিনগুলিতে হাট চত্বরে মিছিল বা জমায়েত করা যাবে না।
আগামী সোমবার, ২৮ জুলাই 'সংগ্রামী যৌথ মঞ্চ'-র তরফে ডাকা হয়েছে নবান্ন অভিযান। তবে ওই দিন মঙ্গলাহাট বসায়, ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেন যে, আগের দিনের মতো ফের ব্যবসায় ক্ষতি হতে পারে।
এই প্রেক্ষিতে গত বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন 'মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রাল'। তাঁদের বক্তব্য, সোম ও মঙ্গলবার হাট বসে। কিন্তু ওই দিনগুলি বারবার নবান্ন অভিযানের জেরে হাটের বিক্রি প্রভাবিত হচ্ছে।
গত ৮ এবং ১৪ জুলাই, দুই হাটের দিনেই রাজনৈতিক দলের বাইরে থাকা কিছু সংগঠনের নবান্ন অভিযান ছিল। অভিযোগ, তার জেরে দোকান বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। পুজোর আগে এই ক্ষতি আর্থিকভাবে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।
এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, হাট বসার দিন মিছিল বা জমায়েত নিষিদ্ধ। কেউ তা অমান্য করলে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সাহা বলেন, “আমরা কোনও আন্দোলনের বিরুদ্ধে নই। কিন্তু হাটের দিনে রাস্তায় প্রতিবাদ সভা হলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হয়। প্রশাসনের পক্ষ থেকেও দোকান না খোলার পরামর্শ আসে। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম।"