ইস্ট-ওয়েস্ট করিডর চালু হলেও যাত্রীসংখ্যা এখনও আশানুরূপ নয়। ফলে পরিষেবা আরও উন্নত করতে এবং আর্থিক দিক সুরক্ষিত রাখতে বেসরকারি বিনিয়োগকারীদের টানতেই এই পদক্ষেপ, এমনটাই মনে করছেন পরিবহণ বিশেষজ্ঞদের একাংশ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 July 2025 22:29
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ময়দান থেকে সেক্টর ৫, ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro) চালানোর দায়িত্ব কি এবার বেসরকারি সংস্থার (Private Hands) হাতে যাচ্ছে? এমনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে মেট্রো রেল সূত্রে (Kolkata Metro)। ইতিমধ্যেই এই প্রকল্পে অংশগ্রহণের জন্য 'এক্সপ্রেশন অব ইন্টারেস্ট' বা আগ্রহপত্র আহ্বান করেছে মেট্রো কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই খুলবে সেই আগ্রহপত্র। সূত্রের খবর, মেট্রোর অভ্যন্তরীণ একাধিক বৈঠকে ইতিমধ্যেই উঠে এসেছে এই বেসরকারিকরণের প্রসঙ্গ। সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কোনও বেসরকারি সংস্থাকে এই রুটে যুক্ত করার ভাবনাও রয়েছে বলেই ইঙ্গিত মিলছে।
এ ব্যাপারে অফিসিয়ালি মেট্রো কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা না গেলেও সূত্রের দাবি, অনেক দিন ধরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ঘুরপাক খাচ্ছিল। এবার সেই পরিকল্পনার বাস্তবায়নের দিকেই একধাপ এগোল। যদিও এখনও পর্যন্ত কোনও সংস্থার নাম চূড়ান্ত হয়নি, বা কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। আপাতত শুধু আগ্রহপত্র প্রকাশ করা হয়েছে।
এই মুহূর্তে নজরে রয়েছে, দেশের ও রাজ্যের কোন কোন সংস্থা এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখায়। আগ্রহপত্র খোলার পরে তবেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
এই সিদ্ধান্ত কার্যকর হলে, কলকাতার মেট্রো পরিষেবায় এটি হবে এক ঐতিহাসিক রদবদল। ইস্ট-ওয়েস্ট করিডর চালু হলেও যাত্রীসংখ্যা এখনও আশানুরূপ নয়। ফলে পরিষেবা আরও উন্নত করতে এবং আর্থিক দিক সুরক্ষিত রাখতে বেসরকারি বিনিয়োগকারীদের টানতেই এই পদক্ষেপ, এমনটাই মনে করছেন পরিবহণ বিশেষজ্ঞদের একাংশ।