বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুবক খুন হলেন পোলবায়!

শেষ আপডেট: 12 May 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুবক খুন হলেন পোলবায়! পুলিশ জানিয়েছে নিহতের নাম রাজ বর্মন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার মহনাদের বাসিন্দা এক তরুণীর সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। অভিজিতের বন্ধু রাজ বর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। এ নিয়ে অশান্তি হত পরিবারে।
কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে আসে ওই তরুণী। সেখানে রবিবার রাতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল রাজ।রাতে পাড়ার শিব মন্দিরে বসে থাকার সময় বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে অভিজিৎ। জখম অবস্থায় রাজকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
ওই তরুণীর মা বলেন, "মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম। স্বামীর ঘরে অত্যাচার করা হত তাকে।জামাইয়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয়। মেয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে চাইত। জামাই পছন্দ করত না।"
ওই তরুণী বলেন, "আমি রাজকে ভালোবাসতাম। কাল আমার সঙ্গে রাজ দেখা করতে আসে। আমার স্বামী আমাকে দিয়ে জোর করে ওকে ফোন করায়। জানতে চায় এসেছে কিনা। রাজ জানায় সে শিব মন্দিরে আছে। আমি গিয়ে তাকে চলে যেতে বলি। তখনই অভিজিৎ ছুরি নিয়ে এসে আঘাত করে।"
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বলেন, "বেঙ্গালুরুতে শাড়ির ব্যবসা করত অভিজিৎ। সেই অবসরেই তার বন্ধুর সঙ্গে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবিবার মহানাদে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল অভিজিৎ। সেখানেই আক্রোশে রাজকে ছুরি মেরে খুন করে।"